‘ইত্যাদি’ পুনঃপ্রচার

রাষ্ট্রপতির অনবদ্য সাক্ষাত্কার

বিনোদন রিপোর্ট

 

নৈসর্গিক সৌন্দর্যের নান্দনিক দৃশ্যাবলিতে সাজানো কিশোরগঞ্জের মিঠামইনের হাওড় অঞ্চলে দ্বীপের মতো ভেসে থাকা হামিদ পল্লীতে ধারণ করা হয় এবারের ইত্যাদি। বহুল প্রশংসিত এই পর্বটির পুনঃপ্রচার করা হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। হাওড় অঞ্চলের জীবন-জীবিকা, প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে জলে ও ডাঙায় শতাধিক নৌকা রেখে সাজানো মঞ্চে লক্ষাধিক দর্শকের উপস্থিতিতে ধারণ করা হয় এবারের ইত্যাদি।

আমাদের বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িও এই মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে। যেখানে কেটেছে তার শৈশব-কৈশোর। এবারের ইত্যাদিতে রয়েছে রাষ্ট্রপতির একটি বিশেষ সাক্ষাত্কার।

উল্লেখ্য, বাংলাদেশের কোনো টেলিভিশন অনুষ্ঠানে কোনো রাষ্ট্রপতির এটাই প্রথম সাক্ষাত্কার। ব্যতিক্রমধর্মী এই সাক্ষাত্কারে ফুটে উঠেছে এলাকার মানুষের প্রতি তার ভালোবাসার কথা, মানুষের সঙ্গে তার সম্পর্কের কথা। তখনকার আর এখনকার হাওড় সম্পর্কে তার উপলব্ধির কথা, সাধারণ মানুষের সঙ্গে তার সম্পর্কের কথা, মানুষের প্রতি মানুষের বিশ্বাসের কথা। বলেছেন, জনপ্রতিনিধিদের ভবিষ্যত্ চলার পথের কথা। বলেছেন, ইত্যাদিকে ভালোবাসার কথা।

এছাড়াও বিষয়-বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হূদয়ছোঁয়া প্রতিবেদন। কিশোরগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় ও পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান এবং কীর্তিমান ব্যক্তিদের ওপর তথ্যভিত্তিক প্রতিবেদনসহ রয়েছে কিশোরগঞ্জের বাজিতপুর থানার একটি গ্রামের অবিশ্বাস্য স্থানে অবস্থিত একটি স্কুলের ওপর অনুসন্ধানী প্রতিবেদন। যে স্কুলটিকে ইত্যাদির মাধ্যমে ১০ লক্ষ টাকার একটি চেক প্রদান করা হয়। শুধু তাই না, জেলা প্রশাসকও তাত্ক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে একই মঞ্চে স্কুলটিকে ২ লক্ষ টাকা প্রদান করার ঘোষণা দেন। বিদেশি প্রতিবেদনে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি দক্ষিণ আফ্রিকার ওপর একটি তথ্যবহুল প্রতিবেদন।

এবারের ইত্যাদিতে কিশোরগঞ্জের রূপ-বৈচিত্র্য বর্ণনা করে একটি দেশাত্মবোধক গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিত্। গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন সুমন কল্যাণ। এছাড়াও কিশোরগঞ্জের কৃষ্টিকথা ও বীরগাঁথা নিয়ে একটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেছেন কিশোরগঞ্জেরই দেশবরেণ্য নৃত্যশিল্পী শামীম আরা নিপা। আর তার সঙ্গে অংশগ্রহণ করেছে কিশোরগঞ্জ, করিমগঞ্জ ও মিঠামইনের শতাধিক নৃত্যশিল্পী এবং ওসমান গণির নেতৃত্বে ঐতিহ্যবাহী লাঠিয়াল দল।

ইত্যাদির এবারের ধারণ স্থান কিশোরগঞ্জকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত লক্ষাধিক দর্শকের ভেতর থেকে থেকে ৪ জন নির্বাচিত দর্শক আঞ্চলিক ভাষায় একটি নাট্যাংশে অভিনয় করেন। যা ছিল বেশ উপভোগ্য। এই পর্বে আমন্ত্রিত অতিথি ছিলেন কিশোরগঞ্জের সন্তান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নানা সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ ক’টি নাট্যাংশসহ নিয়মিত পর্ব হিসেবে এবারো যথারীতি রয়েছে মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।