বাঁ-হাতি বোলার হিসেবে টেস্ট ইতিহাসের দ্রুততম ২০০ উইকেট শিকারের রেকর্ড গড়লেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। ৪৪ ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি। এর আগে এই কীর্তি ছিল শ্রীলঙ্কান বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথের। ৪৭তম টেস্ট ম্যাচে ২০০ উইকেট নিয়েছিলেন তিনি। বিশাখাপত্তনম টেস্টের তৃতীয় দিন ডিন এলগারকে আউট করে রেকর্ডটি নিজের করে নেন জাদেজা। ২০০ উইকেটের মাইলফলক ছুঁতে মিশেল জনসনের লেগেছিল ৪৯ টেস্ট। তার উত্তরসূরি স্টার্কের লেগেছিল ৫০ টেস্ট। বিষেণ সিং বেদি ও ওয়াসিম আকরামের দরকার হয়েছিল ৫১ টেস্ট। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় জাদেজার। জাদেজা ভারতের হয়ে ১৫৬টি ওয়ান ডে ম্যাচে ১৭৪ উইকেট এবং ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৩৩টি উইকেট লাভ করেন।