বিকল্প হিসেবে এগিয়ে মার্সেলো গ্যালার্দো
স্পোর্টস ডেস্ক
চলতি শতাব্দীতে সবচেয়ে বাজে লিগ মৌসুম সূচনার পর হুমকির মুখে আছে বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দের চাকরি। মেয়াদ পূর্ণ করার আগেই যদি তাকে পদচ্যুত করতে হয় সেক্ষেত্রে বিকল্প কোচ হিসেবে কাতালানদের ভাবনায় এগিয়ে আছেন রিভারপ্লেট কোচ মার্সেলো গ্যালার্দো।
মাঠে হোক কিংবা মাঠের বাইরে, শেষ কিছুদিনে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনার। দারুণ স্কোয়াড নিয়েও মাঠে ভালো ফল এনে দিতে না পারায় কোচ আর্নেস্তো ভালভার্দের ওপর সন্তুষ্ট নয় বার্সা বোর্ড। অর্ধমৌসুমের আগে পারফর্মেন্সে উন্নতি না এলে চাকরিও যেতে পারে তার, গুঞ্জন স্প্যানিশ গণমাধ্যমে।
সেটা হয়ে গেলে কোচ হিসেবে কাকে আনবে সেটাও ভেবে রেখেছে কাতালানরা। রিভারপ্লেট কোচ মার্সেলো গ্যালার্দোকে চায় তারা, জানাচ্ছে আর্জেন্টাইন পত্রিকা টিএনটি স্পোর্টস ও স্প্যানিশ ক্রীড়াদৈনিক এএস। গেলো বছর মহাদেশীয় পর্যায়ে সাফল্য, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও গ্যালার্দোর নিজস্ব ফুটবল দর্শনই বার্সেলোনার নজর কেড়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।