স্টোকসকেই চাচ্ছেন লোকেশ রাহুল

স্পোর্টস রিপোর্টার

বেন স্টোকস মানেই এখন ক্রিকেটের রোমাঞ্চ। গত কয়েক বছর ধরে আইপিএলের নিলামে সবচেয়ে বড় আকর্ষণ এই ইংল্যান্ডের ক্রিকেটার। ২০১৮ সালে ১৪.৫০ কোটি রূপীতে বিক্রি হয়েছিলেন তিনি। এবার সেই স্টোকসকে নিজেদের কিংস ইলেভেন পাঞ্জাবে চাচ্ছেন লোকেশ রাহুল। আশা করছেন, এই অসামান্য ক্রিকেটারকে তারা দলে ভেড়াতে পারবেন।

রাহুল একটা বাণিজ্যিক অনুষ্ঠানে গিয়ে বলছিলেন, ‘ও ব্যাট করতে পারে, বল করতে পারে, অস্বাভাবিক একজন ফিল্ডার। হ্যাঁ, সে এখানে আগেও খেলে গেছে। সে যেসব দলে খেলেছে, প্রতিটা দলেই তার অসাধারণ প্রভাব ছিল। আমি আশা করি, ও এবার আমাদের দলের হয়ে খেলবে। এটা অসাধারণ ব্যাপার হবে ও যদি আমাদের দলে খেলে।’

স্টোকস সম্প্রতি বেশি আলোচিত হয়েছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়ে। তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলি টেস্টে দলকে ১ উইকেটের অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন। রাহুল বলছিলেন, সেই সময় তিনি জাতীয় দলের হয়ে এন্টিগা টেস্ট খেলছিলেন। তার পরও ম্যানেজারের ফোনে হেডিংলির স্কোরের খবর রাখছিলেন।

ওই টেস্টের কথা বলতে গিয়ে রাহুল বলছিলেন, ‘এটা মজার ব্যাপার, কারণ ওই সময় আমরাও এন্টিগাতে টেস্ট খেলছিলাম। তার পরও আমরা স্কোর ফলো করছিলাম। ম্যানেজারের মোবাইলে দেখছিলাম। খেলার সময় আমাদের তো মোবাইল রাখার অনুমতি দেওয়া হয় না। স্রেফ ম্যানেজারের ফোনে স্কোর পরীক্ষা করছিলাম এবং বলের পর বল খেলাটা অনুসরণ করছিলাম।’

রাহুল বলছিলেন, স্টোকস একা যেভাবে ওই ম্যাচকে জয়ের বন্দরে ভিড়িয়েছিলেন, সেটা ছিল অবিশ্বাস্য একটা ব্যাপার। স্টোকস একজন কিংবদন্তি ক্রিকেটার বলেই এটা সম্ভব হয়েছে বলে বলছিলেন তিনি, ‘সে যা করেছে, এটা অবিশ্বাস্য ছিল। এটা ইতিহাসে যত খেলা হয়েছে, তার মধ্যে অন্যতম সেরা টেস্ট ম্যাচ ছিল। এরকম একটা ইনিংস খেলা অবিশ্বাস্য ব্যাপার। সে (স্টোকস) ফেনোমেনাল খেলোয়াড়, ফেনোমেনাল অ্যাথলেট। এই খেলাটা বারবার দেখা যায়।’