দেশের ই-কমার্স খাতের প্রতিকূলতা দূরীকরণে উদ্ভাবনী সব সমাধান নিয়ে কাজ করছে পেপারফ্লাই। এরই ধারাবাহিকতায়, ‘স্মার্ট রিটার্ন’র পরে ‘স্মার্ট চেক’ ফিচারের উদ্বোধন করল প্রতিষ্ঠানটি। সম্প্রতি, পেপারফ্লাই কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অতিথিরা দেশের ই-কমার্স খাতের উন্নয়নে পেপারফ্লাইর প্রচেষ্টা ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন এবং ই-কমার্স খাতের অন্যতম প্রধান সমস্যা সমাধানে কার্যকরী সমাধান নিয়ে আসার জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন।
সকল ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য ‘রিটার্ন’ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা, অনলাইন অর্ডার থেকে প্রায় ২৪ শতাংশ পণ্য ফেরত আসে। ফেরত আসা এসব পণ্য পুনরায় ডেলিভারি করতে ই-কমার্স ও তাদের লজিস্টিক পার্টনারদের নতুন করে ব্যয় বহন করতে হয়।
ফেরত আসা ২৪ শতাংশ পণ্যের মধ্যে ২১ শতাংশই ঘটে ক্রেতার অনিচ্ছা এবং ডেলিভারির সময় তার অনুপস্থিতির কারণে। বাকি ৩ শতাংশ ঘটে পণ্য কিংবা পণ্যের প্যাকেজিং- এর ঝামেলা বা ত্রুটি কিংবা দেরিতে ডেলিভারি দেওয়ার কারণে। কিন্তু সবসময় এ সঠিকভাবে এর কারণ ও সংখ্যার হিসাব পাওয়া যায় না। সঠিক সময় পণ্য ফেরত আসার সঠিক কারণ জানা গেলে তা ই-কমার্স খাতের এক নম্বর সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে। ‘রিটার্ন পারসেন্ট’ বা সরবরাহ করতে না পারা পণ্যের পরিমাণ হ্রাসে কার্যকরী সমাধান নিয়ে আসতে অনেক দিন ধরেই কাজ করেছে পেপারফ্লাই। যার ভিত্তিতে গত মাসে প্রতিষ্ঠানটি উন্মোচন করে ‘স্মার্ট রিটার্ন’ ফিচার। আর এখন নিয়ে এলো ‘স্মার্ট চেক’ ফিচার।