ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে গতকাল শনিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে সভা ও শোভাযাত্রাসহ নানা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল : সকালে শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের উদ্যোগে বরিশাল প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন আঞ্চলিক শাখার আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন আঞ্চলিক শাখার আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল। বক্তৃতা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) গ্রুপের আঞ্চলিক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক গৌরাঙ্গা চন্দ্র কুন্ডু, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামসহ অন্যরা। অপরদিকে, বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে নগরীর ফকিরবাড়ি রোডস্থ কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর।
খাগড়াছড়ি :খাগড়াছড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির উদ্যোগে জেলা সদরের মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা কমিটির সভাপতি মিলন কান্তি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি জেলা কমিটির সভাপতি অজিন্দ্র কুমার ত্রিপুরা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মিয়া মো. ওমর ফারুখ।
নেত্রকোনা :বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা ও শিক্ষকদের মান উন্নয়নে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবি জানিয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম নেত্রকোনা জেলা শাখা সাংবাদিক সম্মেলন করেছে। গতকাল শনিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে জেলা শিক্ষক নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে বলেন, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে শতকরা ১০ ভাগ কর্তন বন্ধসহ সরকারের ঘোষিত জাতীয় শিক্ষানীতি ও শিক্ষা আইন বাস্তবায়ন করে শিক্ষকদের মাঝে যে অপ্রাপ্তি, বঞ্চনা, বৈষম্য এবং ক্ষোভ রয়েছে তা দূরীভূত করতে হবে। সাংবাদিক সম্মেসলনে বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারি ফোরামের সহ-সভাপতি মোঃ মতিয়র রহমান আকন্দ এবং সাধারন সম্পাদক মোঃ মাসুদুর রহমান ফকির।
সুনামগঞ্জ :শনিবার দুপুরে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সুনামগঞ্জ পৌর কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা শাখার সভাপতি অধ্যাপক শুভংকর তালুকদার মান্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক মো.জামাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন হতে ১০% কর্তন বন্ধের দাবিতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) সুনামগঞ্জ জেলার আয়োজনে পৌর বিপণির ২য় তলায় (বাবেশিকফো) অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মোদাচ্ছির আলম। লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের ৯৭ শতাংশ শিক্ষার দায়িত্ব পালন করেন বেসরকারি শিক্ষকগণ।