পিরোজপুরে বাসমালিক সমিতির নামে ২৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

পিরোজপুর অফিস

পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিকসমিতির সাধারণ সদস্যদের অধিকাংশের উপস্থিতিতে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে সংগঠনের ২৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী সাধারণ সদস্যদের মধ্যে সমিতির সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকসহ প্রভাবশালী বাসমালিকরা রয়েছেন।

সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক বাবুল হালদার, সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সমিতির সদস্য শহিদুল ইসলাম সরদার, নিজাম উদ্দিন, ডা. সিদ্দিকুর রহমান, সুমন খান, ফয়সাল হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন।

লিখিত অভিযোগে মশিউর রহমান মহারাজকে বিগত কমিটির সভাপতি উল্লেখ করে বলা হয়, ‘তার নেতৃত্বে ৮/৯ বছর ধরে সাধারণ মালিকদের গাড়ির সরাসরি রোটেশন বিক্রয়, কোটা ভাড়া দিয়ে টাকা আদায়, গাড়ি বিক্রির ক্ষেত্রে ক্রেতাবিক্রেতা উভয়ের কাছ থেকে টাকা আদায়, বিভিন্ন ফেরিঘাট থেকে চাঁদা আদায়, সমিতির নামে দূরপাল্লার গাড়ি থেকে নিয়মিত অবৈধ চাঁদা আদায়, শ্রমিক চাঁদার নামে সমিতির গাড়ি ও পরিবহন থেকে নিয়মিত চাঁদা আদায়সহ বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, কোনোরূপ গাড়ির মালিক না হয়েও কতিপয় ব্যাক্তি সমিতির সভাপতিসহ বড়ো বড়ো পদ দখল করে এ অনিয়ম ও অর্থ আত্মসাত্ করেছেন। এছাড়া সমিতির গঠনতন্ত্র লঙ্ঘন ও ইচ্ছামাফিক গঠনতন্ত্র সংশোধন করে সমিতির নাম পরিবর্তন, দীর্ঘসময় ক্ষমতা ও পদ আঁকড়ে রাখার অভিযোগ করা হয়। সমিতির কমিটির মেয়াদ গত ৩০ সেপ্টেম্বর উত্তীর্ণ হওয়ায় সাধারণ সদস্যরা গত ২ অক্টোবর এক সভায় মিলিত হয়ে একটি আহ্বায়ক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছেন। সংবাদ সম্মেলনে বলা হয় সমিতির ১৭১ জন সদস্যের মধ্যে ১৩৬ জন সদস্য বিগত কমিটিকে অনাস্থা জানিয়ে সর্বসম্মতিক্রমে নতুন সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ ব্যাপারে সমিতির সভাপতি মশিউর রহমান মহারাজ ইত্তেফাককে বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। সমিতি পরিচালনার ক্ষেত্রে আমি সবসময় সাধারণ সম্পাদকসহ কর্মকর্তাদের সহযোগিতা ও সমর্থন নিয়েছি। বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশ দেওয়ার ক্ষেত্রে তাদের স্বাক্ষরিত কাগজপত্র তার প্রমাণ। তবে দুই-একজন কর্মকর্তা ও অফিস কর্মচারী তার স্বাক্ষর জাল করে কিছু বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করে থাকতে পারেন। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে পালটা ও আত্মপক্ষ সমর্থন করে অচিরেই একটি সংবাদ সম্মেলন করব।’