রক্তের চাপ যখন স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তখন তাকে উচ্চরক্তচাপ বলে থাকি। আজকাল বিভিন্ন বয়সী মানুষকে উচ্চরক্তচাপের সমস্যায় ভুগতে দেখা যায়। যদিও উচ্চরক্তচাপ আলাদাভাবে কোনো অসুস্থতা নয়, তবে এটি শরীরের বিভিন্ন অঙ্গের উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। যেমন: স্ট্রোক, হার্ট অ্যাটাক, চোখ ও ব্রেনের নানা সমস্যা, কিডনির উপর প্রভাব ইত্যাদি।
উচ্চরক্তচাপে আক্রান্ত রোগী ভুল ধারণাবশত বিভিন্ন পুষ্টিকর খাবার এড়িয়ে চলেন। এর মধ্যে ডিম অন্যতম। কিন্তু গবেষকরা বলেছেন, ডিমের সাদা অংশ রক্তচাপ বাড়ায় না, বরং কমাতে সাহায্য করে। ডিমের সাদা অংশটি হলো পেপটাইড। যেসব উপাদানে আমিষ তৈরি হয় তার মধ্যে অন্যতম হলো এই পেপটাইড। গবেষণায় দেখা যায়, নিম্নমাত্রার ক্যাপ্টোপ্রিল (উচ্চরক্তচাপে ব্যবহূত ওষুধ) ব্যবহারে রক্তচাপ যতটা কমে যায় ঠিক সেই পরিমাণে রক্তচাপ কমতে সহায়তা করে ডিমের সাদা অংশ।
এছাড়া ডিমের সাদা অংশ রক্তের ‘এসিই’ কমাতে সহায়তা করে যা রক্তচাপ বাড়িয়ে দেয়। তাই ডিমের সাদা অংশ নিয়মিত খেলে উচ্চ রক্তচাপের ওপর তা সুপ্রভাব ফেলবে। তবে এ প্রসঙ্গে চিকিত্সকের পরামর্শ নেওয়া একান্ত জরুরি।
লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ