বিশেষ প্রতিনিধি
পুলিশ প্রধান (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের প্রধান ধর্মীয় উত্সব দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সারাদেশে উত্সবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজার শেষ দিন পর্যন্ত এ নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে। গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় তিনি পূণ্যার্থীদের সঙ্গে কথা বলেন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
আইজিপি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। প্রতিবছর আমাদের দেশে মন্ডপের সংখ্যা বাড়ছে। এর মধ্যে দিয়েই অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র ফুটে উঠছে।
পূজামন্ডপ পরিদর্শনকালে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আইজিপির সঙ্গে ছিলেন।