দেশের উন্নয়নে দরকার দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা ----------------এলজিআরডি মন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মানুষের জীবনযাত্রার মান ও দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রয়োজন। উন্নত দেশে ১০০ বছরের মহাপরিকল্পনা করা হয়। আমাদের দেশের পরিকল্পনাবিদরা স্বল্প সময়ের জন্য পরিকল্পনা করে থাকেন। জাতীয়ভাবে আমাদের চিন্তা করে মহাপরিকল্পনা করতে হবে।

গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘টেকসই নগর ও বসতি                গড়তে পরিকল্পনা’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স এবং পরিকল্পনাবিদদের জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি   এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শুধু রাস্তাঘাট, ট্রাফিক সিগন্যাল, ভূমি ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এসব বিষয়ে পরিকল্পনা করলে সুষ্ঠু পরিকল্পনা হবে না।

মানুষের জীবনে যেসব চাহিদা শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ, পার্ক, রাস্তাঘাটসহ সার্বিক বিষয়ে পরিকল্পনা করতে হবে। নাগরিকরা যেন সকল সুযোগ-সুবিধা খুব সহজে ভোগ করতে পারেন।

তিনি আরো বলেন, কোন এলাকায় কী কী স্থাপনা হবে এবং মানুষ কীভাবে সুযোগ-সুবিধা ভোগ করবে, সেটা নিয়ে চিন্তা করুন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি অধ্যাপক ড. এ কে এম আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. গোলাম রহমান, পরিকল্পনাবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ এবং বিআইপির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) প্রথমবারের মতো নগর ও অঞ্চল পরিকল্পনার ওপর দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে। এতে সহযোগিতা করছে জাতিসংঘ উন্নয়ন তহবিল (ইউএনডিপি), সেভ দ্য চিলড্রেন ও ব্রাক।