রংপুরে এরশাদের আসনে জিতলেন ছেলে সাদ

জাতীয় পার্টি-জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনে জয় পেয়েছেন তারই পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ। গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রংপুরের পুলিশ হলে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত এ নির্বাচনে মাত্র ২২ দশমিক ৮৬ শতাংশ ভোট পড়েছে।

চূড়ান্ত ফলাফলে ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাপার প্রার্থী সাদ এরশাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান পেয়েছেন (ধানের শীষ) ১৬ হাজার ৯৪৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী এরশাদের ভাতিজা হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট। গণফ্রন্টের প্রার্থী কাজী মো. শহীদুল্লাহ বায়েজিদ (মাছ) ১৬৬২, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল (দেয়াল ঘড়ি) ৯২৪ এবং এনপিপির শফিউল আলম (আম) পেয়েছেন ৬১১ ভোট।

মহাজোটের প্রার্থীর বিজয়ের পরপরই জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এ বিজয় এরশাদের বিজয়। এ বিজয় রংপুরবাসীর বিজয়। আমরা সরকারি ও বিরোধীদল এক হয়ে রংপুর তথা দেশের উন্নয়নে কাজ করব।’

রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৪২ হাজার ৯২৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এইচ এম এরশাদ। সেবার ভোট পড়েছিল ৫২ দশমিক ৩১ শতাংশ।

প্রায় ভোটারশূন্য ভোটকেন্দ্র :রংপুর সদর আসনে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হলেও সারাদিন সংখ্যাগরিষ্ঠ ভোটারদের দেখা মিলেনি। অধিকাংশ ভোটকেন্দ্রই ছিল ভোটারশূন্য। দেখা গেছে অলস সময় কাটাচ্ছেন নিরাপত্তা বাহিনীর কর্মীসহ পোলিং এজেন্টরা। দুপুর আড়াইটায় রংপুরের  মিস্ত্রীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা যায়। তবে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি দল আওয়ামী লীগ প্রার্থী দেয়নি। আর বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থী স্থানীয় নয়। সে কারণে ভোট নিয়ে ভোটারের তেমন আগ্রহও নেই।

সকাল সোয়া ১০টার দিকে জাপা প্রার্থী রাহগির আল মাহি সাদ এরশাদ নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। তবে স্থানীয় ভোটার না হওয়ায় তিনি ভোট দিতে পারেননি। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হচ্ছে।’ অপরদিকে বিএনপি প্রার্থী রিটা রহমান নগরীর রাধাভল্লব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচন সম্পর্কে হতাশা প্রকাশ করে তিনি বলেন, শুক্রবার রাতে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ হানা দিয়েছে। এটা তো নির্বাচনে লেভেল পে­য়িং ফিল্ড হলো না। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি না উল্লেখ করে তিনি অনিয়মের আশঙ্কা প্রকাশ করেন।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই এরশাদের মৃত্যুর পর গত ১৬ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।