যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের তদন্তে হোয়াইট হাউজের কাছে নথি তলব করেছে প্রতিনিধি পরিষদের তদন্ত কমিটি। ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ফোনালাপের যাবতীয় তথ্য কমিটির কাছে পেশ করতে বলা হয়েছে। খবর রয়টার্স ও বিবিসির
প্রতিনিধি পরিষদের তিনটি কমিটির চেয়ারম্যানরা বলেছেন, ‘এর আগে গত ৯ সেপ্টেম্বর হোয়াইট হাউজের কাছে ফোনালাপের ব্যাপারে তথ্য চাওয়া হয়েছিল’ কিন্তু সেটি দিতে ব্যর্থ হয়েছে হাউজ। বাধ্য হয়েই আমরা নথি তলব করেছি।’ ওভারসাইট কমিটির চেয়ারম্যান এলিজা কামিংস, ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিফ ও ফরেন অ্যাফায়ার্স কমিটির চেয়ারম্যান এলিয়ট এঞ্জেল বলেছেন, দু:খের বিষয় যে, প্রেসিডেন্ট ট্রাম্প জাতিকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছেন। তাই নথি তলব করা ছাড়া আর কোনো উপায় ছিল না। উল্লেখ্য, এই ধরনের ঘটনা বিরল বলে মনে করা হচ্ছে। আগামী ১৮ অক্টোবরের মধ্যে হোয়াইট হাউজকে নথি জমা দিতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া আর কেউ যদি এই ফোনালাপের সঙ্গে যুক্ত থাকেন সেই নথিও দিতে বলা হয়েছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও একই নথি জমা দিতে বলা হয়। তাকে ১৫ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়।
হোয়াইট হাউজের মুখপাত্র স্টিফেনি গ্রিশাম এক বিবৃতিতে বলেছেন, তলবের এই ঘটনায় কিছু পরিবর্তন হবে না। কেবল সময় এবং মানুষের করের অর্থের অপচয় হবে। সত্যিকার অর্থে প্রেসিডেন্ট ট্রাম্প ভুল কিছু করেননি বলে উল্লেখ করেন মুখপাত্র। হোয়াইট হাউজের একটি সূত্র জানিয়েছে, হোয়াইট হাউজের আইনজীবী বিশ্বাস করেন, প্রেসিডেন্ট ট্রাম্প আইনপ্রণেতাদের দাবি প্রত্যাখ্যান করতে পারেন যতক্ষণ পর্যন্ত ডেমোক্র্যাটরা পুরো প্রতিনিধি পরিষদে অভিশংসনের তদন্তের অনুমোদনে ভোটাভুটি না করবেন। গত ২৫ জুলাই ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনেস্কির সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানিয়েছিলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বি হতে পারেন।