সিদ্ধিরগঞ্জে অপহূত যুবক উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার

পটুয়াখালী থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে অপহরণের শিকার হয় প্রেমিক মো আরিফ (২২) । শুক্রবার বিকাল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বিকালে তার খালা থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে রাতেই আরিফকে উদ্ধার এবং অপহরণকারী তিন জনকে গ্রেফতার করে। অপহরণের শিকার আরিফ পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া গ্রামের নুরুল ইসলাম পেয়াদার ছেলে। ধৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের গোদনাইল রসূলবাগ এলাকার মৃত শুক্কুর আলীর ছেলে সেলিম রেজা, বন্দরের বাদল মিয়ার ছেলে জনি এবং সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. ফারুক। 

অভিযোগ সূত্রে জানা যায়, সুমি (২১) নামে এক তরুণীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় আরিফের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুমি সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি গার্মেন্টসে চাকরি করে। আরিফকেও গার্মেন্টসে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিল সুমি। গত বৃহস্পতিবার পটুয়াখালীর নিজ গ্রাম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয় আরিফ। শুক্রবার বিকাল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ী আরকে গার্মেন্টসের পশ্চিম পাশে পার্টনার হোসিয়ার নামক দোকানের সামনে সুমির সঙ্গে দেখা করে সে। ঐ দোকানের সামনে কথা বলার সময় সেলিম, জনি ও ফারুক ধমক দিয়ে সুমিকে তাড়িয়ে দিয়ে আরিফকে দোকানের ভেতর আটকে রাখে। পরে আরিফের মোবাইল দিয়ে তার খালার কাছে কল করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। আরিফের খালা সাজেদা বেগম এ ঘটনা সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে আরিফকে উদ্ধার করে এবং অপহরণকারীদের আটক করে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক নিশ্চিত করে জানায়, এ ঘটনায় আরিফ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গতকাল শনিবার দুপুরে তিন অপহরণকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।