নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠকের পর দেওয়া যৌথ বিবৃতিতে বহুল আলোচিত আসামের নাগরিকপঞ্জির (এনআরসি) প্রসঙ্গ উল্লেখ করা হয়নি, যা নিয়ে বাংলাদেশে উদ্বেগ রয়েছে।
যৌথ বিবৃতিতে বলা হয়, শনিবারের বৈঠকে উভয় নেতা দুই দেশের ‘অসাধারণ’ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ‘সন্তোষ’ প্রকাশ করেছেন। ঐতিহাসিক ও ভ্রাতৃত্বমূলক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই দ্বিপক্ষীয় সম্পর্ক দুই দেশের সার্বভৌমত্ব, সমতা, আস্থা ও বোঝাপড়ার ওপর ভিত্তি করে সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব গড়ে তুলেছে, যা ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে’ ছাড়িয়ে গেছে। দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন বলে বিবৃতিতে বলা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের আসাম সরকার প্রকাশিত এনআরসির (নাগরিকপঞ্জি) চূড়ান্ত তালিকায় বাদ পড়াদের (১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন) বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে বলে অনেকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকা সফরে এসে বলেছিলেন, এটা তাদের ‘অভ্যন্তরীণ বিষয়’ এবং কোনোভাবে বাংলাদেশে এর প্রভাব পড়বে না।