ইরাকে সহিংসতা অব্যাহত আছে। গতকাল বাগদাদে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৫ দিনে ৯৪ জনের নিহত হওয়ার ঘটনা ঘটলো। আহত হয়েছেন তিন হাজারের বেশি। দুর্নীতি, বেকারত্ব ও জীবনযাপনের খারাপ মানের বিরুদ্ধে বিরুদ্ধে গত মঙ্গলবার থেকেই বিক্ষোভ চলছে ইরাকে। গত কয়েকদিনে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে গুলি চালানোর অভিযোগ উঠেছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। বাগদাদ, নাসসিরিয়া, আমারা, বাকুবাতে প্রাণ গেছে ৯৪ জনের। এই তথ্য জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংগঠন। সরকার ৮১ জনের মৃত্যুর খবর জানিয়েছে। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে বাগদাদসহ বিভিন্ন স্থানে কারফিউ জারি করা হয়। গতকাল বাগদাদ থেকে কারফিউ প্রত্যাহার করা হয়। এরপরই বিক্ষোভ ও সহিংসতা শুরু হয়। বন্ধ রাস্তাঘাটে সেনা বহর ছাড়া কিছু চোখে পড়ছে না। —রয়টার্স