কানাডায় সফর শেষে অস্ট্রেলিয়ার সফর শুরু করবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’। ব্যান্ডটির ৪০ বছর পূর্তি উপলক্ষে দীর্ঘদিনের ওয়ার্ল্ড ট্যুর শুরু করে ব্যন্ডটি। মাইলসের চার দশক পূর্তির আয়োজন শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেই সফল কনসার্ট শেষে গত মাসে কানাডার বিভিন্ন শহরে ৭টি কনসার্টে অংশ নেয় ‘মাইলস’। কনসার্ট থেকে পাওয়া সব অর্থ তারা আলবার্টা ক্যান্সার ফাউন্ডেশনকে দান করে। এরপর একে একে উইনিপেগ, এডমন্টন, ওটাওয়া, মন্টিল ও টরন্টোয় কনসার্ট করে ব্যান্ডটি।
চলতি মাসের তৃতীয় সপ্তাহে অস্ট্রেলিয়ায় পাঁচ-ছয়টি শোতে অংশ নেবে ‘মাইলস’। অস্ট্রেলিয়া সফর শেষে জমকালো আয়োজনে দেশে চার দশক পূর্তির নানা আয়োজন করবে বলে জানা যায়।
ওয়ার্ল্ড ট্যুর শুরু করার আগে দেশের একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত থেকে নিজেদের এই পরিকল্পনার কথা জানায় দেশের রক সংগীতে সাড়া জাগানো এই ব্যান্ডটি। সেখানে জানানো হয়,
৪০ বছর উদযাপন উপলক্ষে দেশের বিভাগীয় শহরগুলোতে কনসার্টের আয়োজন করা হবে। এছাড়া ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজন করা হবে গ্র্যান্ড গালা কনসার্ট।
এই আয়োজনে মাইলসের জনপ্রিয় গানের পাশাপাশি দলের সদস্যদের পছন্দের অনেক গান পরিবেশন করা হবে।
এছাড়া দেশের অন্য শীর্ষস্থানীয় ব্যান্ড নগরবাউল, ফিডব্যাক, ওয়ারফেজ, দলছুটসহ আরো কয়েকটি ব্যান্ড মাইলসের জনপ্রিয় গানগুলো ঢাকার কনসার্টে পরিবেশন করবে।
শুধু গান নয়, ৪০ বছর পূর্তি উপলক্ষে আরো থাকবে মাইলসের ব্যবহূত মিউজিক্যাল যন্ত্রের প্রদর্শনী, মাইলসের বিভিন্ন সময়ের ছবি প্রদর্শন, মাইলসের বিভিন্ন অর্জন প্রদর্শন, গানের কথা এবং তার পেছনের কাহিনি প্রদর্শনের ব্যবস্থা করা হবে। ওয়ার্ল্ড ট্যুর শেষে দেশে ফিরে এসব আয়োজন শুরু হবে বলে জানা গেছে।