ভাঙ্গায় সড়কের শৃঙ্খলা ফেরাতে অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার

Ðভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বারখ্যাত ভাঙ্গা বিশ্বরোড চৌরাস্তা মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। দ্রুতগতির যানবাহনের সঙ্গে স্বল্পগতির যানবাহনসহ নানা কারণে দুর্ঘটনাকবলিত এলাকা হিসেবেও অঞ্চলটি বেশ পরিচিত। গাছের সঙ্গে ধাক্কা লেগে, মুখোমুখি সংর্ঘষে, পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মৃত্যুসহ ছোটোখাটো দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার ছিল সড়কটিতে।

ঢাকা-আরিচা, রবিশাল-মাওয়া, বরিশাল-ঢাকা থেকে আরিচা-খুলনা এবং মাওয়া হয়ে খুলনায় গড়ে প্রতিদিন হাজার হাজার বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করে থাকে। আর এসব যানবাহনকে শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু করেছে।

রবিবার ভাঙ্গা পৌরসভার সামানের সড়কে টহল বসিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহারের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম।

তিনি বলেন, একটি চালকের ওপর নির্ভর করে সব যাত্রীর ভবিষ্যত্, তাই চালক যাতে নেশাগ্রস্ত হয়ে বেপরোয়া গতিতে ড্রাইভিং করতে না পারে সেজন্য এলকোহল ডিটেকটিভ মেশিন, দ্রুতগতি নিয়ন্ত্রণ মেশিন, গাড়ির রেজিস্ট্রেশন ডিজিটাল মেশিনে চেকআপ মেশিনসহ অত্যাধুনিক সব যন্ত্রপাতি দিয়ে প্রতিনিয়ত টহল অব্যাহত থাকবে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, আমাদের হাতে অত্যাধুনিক যন্ত্র আসায় আগামীতে সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশের খুব বেগ পেতে হবে না।