নেত্রকোনায় পূজা দেখতে গিয়ে কিশোর নিহত

Ðনেত্রকোনা প্রতিনিধি

দুর্গাপূজা দেখতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহেল মিয়া (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যরাতে জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া গ্রামে। নিহত সোহেল উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ডাউকি পূর্বপাড়া গ্রামের আফাজউদ্দিনের ছেলে। সে কেন্দুয়ায় একটি ওয়ার্কশপে কাজ করত। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোহেল তার বন্ধুদের নিয়ে শনিবার রাতে দুর্গাপূজা দেখতে বের হয়। বিভিন্ন মণ্ডপ পরিদর্শন শেষে রাত সাড়ে ১১টার দিকে নোয়াদিয়া গ্রামে স্থানীয় ছেলেদের সঙ্গে তাদের ঝগড়া হয়। এরই জেরে ১২টার দিকে নোয়াদিয়া গ্রামের ছেলেরা ডাউকি গ্রামের ছেলেদের ধাওয়া করে। এ সময় প্রতিপক্ষের ছেলেরা সোহেলের পেটে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক সোহেলকে মৃত ঘোষণা করে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।