স্পোর্টস ডেস্ক
রাতটা হতে পারত ১৯ বছর বয়সি পেসার মোহাম্মদ হাসনাইনের। কিন্তু হয়নি পাকিস্তানি ব্যাটসম্যানরা হতাশ করায়। টি-টোয়েন্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করে ইতিহাস গড়ার ম্যাচেও তাই পরাজিত দলেই ঠাঁই হলো এই তরুণের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান হেরে গেল ৬৪ রানের বড়ো ব্যবধানে।
ম্যাচ শেষে অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা কাউকেই হালকা ভাবে নিতে পারি না। ওরা ভালো একটা সূচনা করেছে। আর সেটা ধরে রেখেছে। আমাদের দলে আজ ছয় জন নতুন খেলোয়াড় খেলেছেন। আমরা ঘরোয়া আসর থেকে প্রতিভা খোঁজার কাজ করছি। হাসনাইন আমাদের ম্যাচে ফিরিয়েছিল। তবে তাতে কাজ হয়নি। আশা করি আগামী ম্যাচে আমরা নিজেদের ফিরে পাব।’
তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় পেয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। আজ অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
শনিবার রাতে হ্যাটট্রিক করে রেকর্ড বইয়ে নাম তুলেছেন হাসনাইন। পাকিস্তানের দ্বিতীয় ও বিশ্বের অষ্টম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেন তিনি। তবে হাসনাইনের হ্যাটট্রিকটি হচ্ছে টি-টোয়েন্টির ইতিহাসের নবম। কারণ এক লাসিথ মালিঙ্গাই দুইবার হ্যাটট্রিক করেছেন টি-টোয়েন্টিতে।
১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। ২২ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। করাচিতে প্রথম ওয়ানডেতে ১১৫ রান করা বাবর আজম এবার থামেন ১৩-তে। বাবরের সাথে ওপেনার হিসেবে শুরু করা আহমেদ শেহজাদও শুরুতেই ফিরেন, করেন ৪ রান। তিন নম্বরে নেমে মুখোমুখি হওয়া প্রথম বলেই আউট হন উমর আকমল। বাবর-আকমল উভয়েই শিকার হন ডানহাতি পেসার নুয়ান প্রদীপের।
পঞ্চম ওভারে ৩ উইকেট পতনের পর পাকিস্তানের হাল ধরেন অধিনায়ক সরফরাজ আহমেদ ও ইফতিখার আহমেদ। চতুর্থ উইকেটে ৪৬ রানে জুটি গড়ে দলকে খেলায় ফেরানোর চেষ্টা করেন তারা। কিন্তু দলীয় ৭৬ রানের মধ্যে সরফরাজ-ইফতিখার থামলে আবারো ব্যাকফুটে পড়ে যায় পাকিস্তান। ইফতিখার ২৫ ও সরফরাজ ২৪ রান করেন।
তাদের আউটের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। ২৫ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১০১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের ব্যাটিং লাইন-আপকে গুটিয়ে দিতে পারদর্শিতা দেখিয়েছেন প্রদীপ-উদানা-ওয়ানিন্দু হাসারাঙ্গা। নুয়ান প্রদীপ ও ইসুরু উদানা তিনটি করে হাসারাঙ্গা দুটি উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন শ্রীলঙ্কার দানুশকা গুনাথিলাকা। এই ওপেনারের দারুণ এক হাফ সেঞ্চুরিতেই লড়াইয়ের পুঁজি পায় সফরকারীরা। ৩৮ বলে আট চার ও একটি ছক্কায় ৫৭ রান করেন তিনি।
১৬তম ওভারের শেষ বলে ২২ বলে দুটি করে চার-ছক্কায় ৩২ রান করে হাসনাইনের প্রথম শিকার হন ভানুকা রাজাপাকশে। এরপর ১৮তম ওভারে আবারো আক্রমণে আসেন হাসনাইন। ঐ ওভারের প্রথম দুই বলেই উইকেট তুলে নেন হাসনাইন। ফলে ১৬তম ওভারের শেষ, ১৮তম ওভারের প্রথম দুই বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসনাইন। তার পরের দুটি শিকার ছিলেন শানাকা ও শেহান জয়সুরিয়া। ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। পাকিস্তানের হাসনাইন ৪ ওভারে ৩৭ রানে হ্যাটট্রিকসহ ৩ উইকেট নেন।