টটেনহ্যাম চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের কাছে ৭-২-এ বিধ্বস্ত হওয়ার পর লীগে ব্রাইটনের কাছে আবার ৩-০ ব্যবধানে হারে। এ সম্পর্কে টটেনহ্যাম কোচ মাওরিসিও পচেত্তিনো জানান, দলের বাজে ফর্মের কারণে চাকরি হারানোর ভয়ে নেই তিনি। গত মাসে কারাবাও কাপে দ্বিতীয় বিভাগের দল কোলচেস্টারের কাছে হেরে বাদ পড়েছিল দলটি। চাকরিচ্যুত হওয়ার প্রশ্নে পচেত্তিনো বলেন, ‘না, আমি চিন্তিত নই, জীবন আমাকে ভাবায়, ফুটবল নয়।’ চার মাস আগে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলা দলটি চরম ফর্মহীনতায় ভুগছে। লিগে ৮ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট পেয়ে শিরোপার দৌড়ে অনেকটা পিছিয়েই পড়েছে টটেনহ্যাম । সেই সঙ্গে প্রতিপক্ষের মাঠে টানা ১০ ম্যাচ জয়বঞ্চিত আছে টটেনহ্যাম। ক্লাবের এই বাজে ফলাফলে স্বভাবতই পচেত্তিনোর চাকরি নিয়ে প্রশ্ন উঠছে।