বগুড়া-১ আসনে ১৭ বছর পর ভোট যুদ্ধে মান্নান ও রফিক

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে দীর্ঘ ১৭ বছর পর ভোট যুদ্ধে  মুখোমুখি হচ্ছেন বর্তমান সাংসদ ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান এবং বিএনপি মনোনীত সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলাম।

সর্বশেষ ২০০১ সালে তারা একে অপরের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে নামেন। বগুড়ার সাতটি আসনের মধ্যে এবার ওই একটি আসন ছাড়া আর কোনোটিতেই এভাবে প্রধান দু’টি দল বা জোটের নেতৃত্বাধীন পুরানো দুই প্রার্থী মুখোমুখি হচ্ছেন না। অন্য আসনগুলোতে আওয়ামী লীগ অথবা তার নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীরা পুরানো হলেও প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীরা এবারই তাদের সঙ্গে প্রথম মুখোমুখি হচ্ছেন। সেদিক থেকে পুরানো দুই প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হওয়ায় অন্যগুলোর তুলনায় বগুড়া-১ আসনে ভোটের লড়াই বেশ জমে উঠবে বলেই ভোটাররা মনে করছেন। ২০০১ সালের পহেলা অক্টোবর অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনে আওয়ামী লীগের হয়ে তৃতীয়বারের মত প্রার্থী হয়েছিলেন আব্দুল মান্নান। তার আগে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি এবং ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনেও অংশ নিয়েছিলেন তিনি। তবে ওই তিনটি নির্বাচনেই পরাজিত হয়েছিলেন আব্দুল মান্নান। অপরদিকে বিএনপি নেতা কাজী রফিকুল ইসলাম ২০০১ সালেই প্রথম নির্বাচনে অংশ নেন। সেবার তিনি ৪৫ হাজার ভোটে বিজয়ী হন।

তবে পরবর্তীতে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মত প্রার্থী হয়ে প্রথম সফলতার মুখ দেখেন আব্দুল মান্নান। অবশ্য ওই নির্বাচনে বিএনপি থেকে কাজী রফিকুল ইসলামের পরিবর্তে ধানের শীষের প্রার্থী হন মোহাম্মদ শোকরানা। সেই নির্বাচনে আ’লীগ নেতা আব্দুল মান্নান মাত্র ৬ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হন।

সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বার সংসদ সদস্য হওয়ার ব্যাপারে প্রচণ্ড আশাবাদী। অবশ্য নিজের দ্বিতীয় নির্বাচনেও জয় ছাড়া কিছু ভাবছেন না বিএনপি নেতা কাজী রফিকুল ইসলাম।