রেফারির সিদ্ধান্তে ক্লপের ক্ষোভ

Ð স্পোর্টস ডেস্ক

লেস্টার সিটির বিপক্ষে লিভারপুলের ২-১ গোলে দিনে দলটির কোচ য়ুর্গেন ক্লপ রেফারির সিদ্ধান্তে ক্ষোভ ঝেড়েছেন। শনিবার সন্ধ্যায় নিজেদের মাঠে লেস্টারের বিপক্ষে জেমস মিলনারের শেষ সময়ের পেনাল্টিতে জয় পায় ক্লপের দল। এর আগে সাদিও মানের গোলে অল রেডরা এগিয়ে গেলেও ৮০ মিনিটে জেমস ম্যাডিসনের লক্ষ্যভেদে সমতায় ফেরে সফরকারী দলটি। তবে দলটির জয় ছাপিয়ে আলোচনায় ম্যাচের অন্তিম সময়ে লেস্টারের বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর করা ফাউল। ৮৯ মিনিটে বল পায়ে আগুয়ান মোহামেদ সালাহকে মারাত্মক ফাউল করেও হলুদ কার্ড পেয়েই নিস্তার পান তিনি।  এতেই ক্ষুব্ধ লিভারপুল কোচ, ‘সে কী করে একটা হলুদ কার্ড পেয়েই বেঁচে গেল? সালাহ খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিল। সালাহকে গতি আটকাতেই এটা করা হয়েছিল এবং এটা মোটেও ঠিক নয়।’

ক্লপ আরো যোগ করেন, ‘সে (হামজা) কী করে এটা করতে পারে? কারণ বলটা অনেকদূরে ছিল। আমার মতে এটা পরিষ্কার লাল কার্ড। আমি ছেলেটার কোনো ক্ষতি করতে চাই না কিন্তু তার আরো শান্ত হওয়া উচিত। সে দারুণ খেলোয়াড় কিন্তু এই ধরনের চ্যালেঞ্জ মোটেও গ্রহণযোগ্য নয়।’