লালমনিরহাট-২ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই

আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে লড়াই হচ্ছে হেভিওয়েট দুই প্রার্থীর মধ্যে। এদের মধ্যে মহাজোট প্রার্থী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ নৌকা প্রতীক এবং ধানের শীষ মার্কায় ঐক্যফ্রন্টের প্রার্থী সদ্য জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদানকারী দলছুট নেতা রোকন উদ্দিন বাবুল। দুইজনই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নির্বাচনে আরো প্রার্থী থাকলেও মূলত এই দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। গত কয়েকদিনে মহাজোট প্রার্থী নুরুজ্জামান আহমেদ জাপা ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের সঙ্গে মতবিনিময় সম্পন্ন করেছেন। এখন ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন তিনি। অপরদিকে ঐক্যফ্রন্টের প্রার্থী ও বিএনপি নেতা রোকন উদ্দিন বাবুল দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন।

জানা গেছে, দীর্ঘ ৩৫ বছর একটানা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রয়াত মজিবুর রহমানের নিয়ন্ত্রণে ছিলো এই আসনটি। দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও এই এলাকায় তেমন কোনো উন্নয়ন চোখে পড়েনি। কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান আহমেদ বিনা ভোটে এমপি নির্বাচিত হয়ে প্রথমে খাদ্য প্রতিমন্ত্রী ও পরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এখানকার সাধারণ ভোটাররা তার উপর অনেকটা সন্তোষ প্রকাশ করেছেন। আগামীতে মহাজোট প্রার্থীকে আবারও নির্বাচিত করতে চান এখানকার ভোটাররা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্টিবাড়ী ইউপি চেয়ারম্যান রফিকুল আলম বলেন, বর্তমানে আওয়ামী লীগের আগের থেকে সাংগঠনিক শক্তি অনেক বেশি। বিগত ১০ বছরে শেখ হাসিনা সরকারের যে উন্নয়ন হয়েছে তাতে জনগণ খুশি। তারা সন্ত্রাসবাদ ও নাশকতা চায় না। দলের মধ্যে বর্তমানে কোনো বিভেদ নেই। দলীয় প্রার্থীর পক্ষে সবাই এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন এই আসনটিতে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ হবে।

ঐক্যফ্রন্টের প্রার্থী, বিএনপি নেতা রোকন উদ্দিন বাবুল জানান, তিনি সকল নেতাকর্মীকে নিয়ে মাঠে ময়দানে কাজ করছেন। সকল নেতাকর্মী ধানের শীষ বিজয়ী নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।