ইত্তেফাক রিপোর্ট
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে শিল্পী মো. রফিকুল ইসলামের ‘রূপান্তর’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী। শিল্পী রফিকুল তার ক্যানভাসে শান্তির অন্বেষণ করেন। সারা পৃথিবীতে যখন যুদ্ধের পদধ্বনি তখন এর বিপরীতে দাঁড়িয়ে শান্তির কথা বলেন তিনি। দেশে দেশে জাতিতে জাতিতে এবং ধর্মের বিরুদ্ধে ধর্মের হানাহানি আমাদের মানবিক সত্তাকে কলুষিত করে চলছে। আমাদের চেতনার গভীরে ঘাঁটি গেড়ে বসেছে দানবীয় হিংসা। আমাদের প্রবৃত্তি ক্রমশ ধ্বংসাত্মক হয়ে উঠছে। সে কথাই ফুটে উঠেছে শিল্পীর ‘রূপান্তর-১, ২, ৩’, ‘যুদ্ধশিশু’, ‘শিকারী’ এবং ‘জন্মগ্রহণ’ এই বিপর্যস্ত বাস্তবতাকেই তুলে ধরে।
‘চাকা’ তার শিল্পকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। মানবসভ্যতাকে আদিম যুগ হতে আধুনিক যুগে উন্নীত করেছে চাকার আবিষ্কার। চাকা ক্ষমতার প্রতীক। কিন্তু শেকলে বন্দি চাকা আমাদের তীব্র অবক্ষয়ে ধুঁকতে থাকা সামাজিক পরিস্থিতির কথা মনে করিয়ে দেয়। আর সেজন্যেই শিল্পীর চাকা শৃঙ্খলমুক্তির কথা বলে।
ছাপচিত্র শিল্পসৃষ্টির খুবই কৌতূহলোদ্দীপক মাধ্যম। এর রয়েছে বহুমাত্রিক অনুশাখা, যেমন—উডকাট, এচিং, লিথোগ্রাফি ইত্যাদি। রফিকুল প্রায় এর সবগুলো অনুশাখার মাধ্যমেই কাজ করেছেন, যার মধ্যে তার ব্যক্তিগত পছন্দ ইনটাগ্লিও। ‘রূপান্তর’ প্রদর্শনীটিতে রয়েছে ৫০টিরও বেশি শিল্পকর্ম। যে সমস্ত মাধ্যমের কাজ রয়েছে এখানে তার মধ্যে উল্লেখযোগ্য এচিং, এ্যাকুয়াটিন্ট, লিথোগ্রাফি, উডকাট, সিয়্যানোটাইপ প্রভৃতি। শিল্পী প্রকৃতিবিমোহিত। সেজন্যে প্রদর্শনীর কোনো কোনো শিল্পকর্ম যে প্রকৃতিতাড়িত অনুপ্রেরণায় সৃষ্ট, তা বলাবাহুল্য। সম্প্রতি, প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী শহীদ কবির।
প্রদর্শনীটি চলবে ১২ অক্টোবর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।