ফরিদপুর-৪ আসনে সিংহ প্রতীকে নিক্সন চৌধুরীর প্রচারণা শুরু

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন লড়ছেন সিংহ প্রতীক নিয়ে। সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া এ আসনে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি নিক্সন চৌধুরী সিংহ প্রতীক পাওয়ার খবরে স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উত্সাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্লার নেতৃত্বে কয়েক হাজার কর্মী-সমর্থক সদর বাজার প্রদক্ষিণ করে এবং জনসাধারণের কাছে সিংহ প্রতীকে ভোট প্রার্থনা করার পাশাপাশি লিফলেট বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মোল্লা, যুবলীগ সভাপতি মোঃ মোরাদ হোসেন, সাবেক ভিপি মিজানুর রহমান, রাসেল জামান, মোঃ মোন্নাফ হোসেন, ইউপি সদস্য বারেক মণ্ডলসহ কয়েক হাজার কর্মী-সমর্থক।

জানা যায়, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন তিন উপজেলা মিলে প্রায় ৩০ হাজার ভোট বেশি পেয়ে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন। এরপর থেকে তিনি তিন উপজেলায় নানামুখী উন্নয়নের পাশাপাশি সুখে-দুঃখে তৃণমূল মানুষের দোরগোরায় গিয়ে জয় করে নেন সাধারণ মানুষের মন।

সিংহ প্রতীকে নির্বাচনের বিষয়ে নিক্সন সমর্থক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাষ্টার বলেন, বর্তমান সময়ে মানুষ অনেক সচেতন। তাই নির্বাচনে প্রতীক কোনো বিষয় নয়, ফরিদপুর-৪ আসনের মানুষ এবার নির্বাচনে উন্নয়ন ও মূল্যায়নের প্রতীক নিক্সন চৌধুরীর সিংহ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে পুনরায় তাদের সেবা করার সুযোগ করে দেবেন।