শেখ হাসিনা আমার অনুপ্রেরণা ------- প্রিয়াঙ্কা গান্ধী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলিঙ্গন করে উচ্ছ্বসিত ভারতের জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। গতকাল রবিবার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর নেতৃত্বে দলটির নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লির হোটেল তাজে সৌজন্য সাক্ষাত্ করেন। আলোচনার ফাঁকেই প্রিয়াঙ্কা গান্ধী ও শেখ হাসিনা পরস্পরকে জড়িয়ে ধরেন। সেই ছবি টুইট করে নিজের উচ্ছ্বাসের কথা জানান প্রিয়াঙ্কা। টুইটে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে প্রতীক্ষিত আলিঙ্গন পেলাম। দীর্ঘদিন ধরে তার সঙ্গে আবারও সাক্ষাতের জন্য মুখিয়ে ছিলাম। অপূরণীয় ব্যক্তিগত       ক্ষতি, কষ্ট সামলে এগিয়ে চলতে তার শক্তি, নিজের বিশ্বাসে সাহস এবং অধ্যবসায়ের সঙ্গে লড়াইয়ের কারণে তিনি সব সময় আমার কাছে বড়ো অনুপ্রেরণা।’

সাক্ষাতে কংগ্রেস নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং, জ্যেষ্ঠ নেতা আনন্দ শর্মা প্রমুখ। এনডিটিভির খবরে বলা হয়েছে, উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করতে কংগ্রেস নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বৈঠকে শেখ হাসিনা ও সোনিয়া গান্ধী তাদের পুরোনো দিনের কথা স্মরণ করেন। বৈঠককালে শেখ হাসিনা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের জন্য সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানান। রাজনীতিতে যোগদানের জন্য প্রধানমন্ত্রী প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, শেখ হেলাল উদ্দিন এমপি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। চার দিনের ভারত সফর শেষে গতকাল দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।