রাজবাড়ীর গোয়ালন্দে রবিবার দিন-দুপুরে জাহিদ খান (৩৫) নামে এক ব্যবসায়ীকে তার প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে গেছে অজ্ঞাত দুই ব্যক্তি। তার মোবাইল ফোনে বারবার কল করা হলেও কেউ ফোন ধরছে না। এতে তার পরিবার চরম উত্কণ্ঠার মধ্যে রয়েছে। অপহূত জাহিদ খান গোয়ালন্দ পৌরসভার নিলু শেখের পাড়ার ওসমান খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সাদ্দাম শেখ নামে এক যুবক জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি গোয়ালন্দ বাসস্ট্যান্ডে জাহিদ খানের দোকানে আসেন কয়েকটি জিনিস কিনতে ও বিকাশে টাকা লোড করতে। এ সময় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি সেখানে এসে জাহিদের সঙ্গে গোপন কথা আছে বলে আমাকে সরিয়ে দেয়। আমি দূর থেকে খেয়াল করি তারা কিছুক্ষণ জাহিদের বিকাশ লেন-দেনের খাতাপত্র ঘাটছে। এরপর ঐ দুই জন জাহিদকে দোকান থেকে নামতে বললে তিনি নেমে দোকান বন্ধ করে তাদের সঙ্গে হাঁটতে থাকেন। পরে জানলাম ঐ দুই লোক পাশে ব্র্যাক অফিসের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাস রেখেছিল। ঐ গাড়িতেই তারা জাহিদকে তুলে নিয়ে গেছে।
জাহিদের পার্শ্ববর্তী ব্যবসায়ী রেজাউল খান ও মাসুদ চৌধুরী জানান, তারা জাহিদকে নিয়ে যেতে দেখেছেন। জাহিদের ভাই সাইদ খান বলেন, তার ভাই মুদি দোকানের পাশাপাশি বিকাশের ব্যবসা করেন। তার বিকাশ ফোনে সব সময়ই এক-দেড় লাখ টাকা ক্যাশ থাকে। টাকার লোভে কোনো দুর্বৃত্ত চক্র তাকে অপহরণ করতে পারে। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানা পুলিশকে অবগত করেছি।