অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. রমিজ উদ্দিন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ১৪ লাখ ৭২ হাজার ৩৮৩ টাকা অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদক সূত্র জানায়, গত ২০ জানুয়ারি প্রকৌশলী রমিজকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হয়। পরে ৭ মার্চ রমিজ ও তার স্ত্রী সালমা পারভীনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে রমিজ উদ্দিন ১ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৪৯৬ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। একই সঙ্গে ১ কোটি ৯৫ লাখ ৭৯ হাজার ৮৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অপর দিকে রমিজ উদ্দিন দুর্নীতির মাধ্যমে অর্জিত ২ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৮৬৭ টাকা মূল্যের সম্পদ স্থানান্তর ও রূপান্তর করেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা তত্সহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।