সবাই শান্তিপূর্ণভাবে ধর্মীয় উত্সব পালন করতে পারছেন : নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই সর্ব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় উত্সব পালন করতে পারছেন। গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি আরো বলেন, এবারও সারাদেশে ৩০ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উত্সব পালন করা হচ্ছে। এ সময় অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা ড. নিম চন্দ্র ভৌমিক, কমিউনিস্ট কেন্দ্রের ডা. অসীত বরণ রায়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।