সম্রাট চৌদ্দগ্রামের বর্ডার পর্যন্ত কীভাবে গেলেন :রব

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, মানুষ বিক্ষুব্ধ হয়ে আছে। রাস্তায় নামার জন্য মানুষ তৈরি হয়ে আছে। সম্র্রাটের (গ্রেফতারকৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট) কাছ থেকে আরো বহু সাম্রাজ্যের খবর পাওয়া যাবে। টপ টু বটম বহু খবর আপনারা পাবেন। আজকের এই জুয়াড়ি সরকারের পদত্যাগ এবং একটা জাতীয় সরকার ছাড়া বর্তমান সংকট মোকাবিলা করা সম্ভব নয়। গতকাল রবিবার রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ক্যাসিনো বন্ধে অভিযানের পর সম্রাটের পালিয়ে যাওয়ার চেষ্টার বিষয়ে রব বলেন, ‘ক্যাসিনো সম্রাট আজ থেকে ১৫ দিন আগে রাজমনি সিনেমা হলের সামনে ভূঁইয়া ট্রেড সেন্টারে ছিলেন। সেখান থেকে র্যাব-পুলিশ-বিজিবির পাহারা থাকা অবস্থায় তিনি কীভাবে ছদ্মবেশে গেলেন? চৌদ্দগ্রামের বর্ডার পর্যন্ত গেলেন, তখন আমাদের বাহিনী কোথায় ছিল?’

ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন জেএসডির তানিয়া রব ও আবদুল মালেক রতন, গণফোরামের অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও জগলুল হায়দার আফ্রিক, বিকল্পধারার শাহ আহমেদ বাদল, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

রব বলেন, ‘আগামী ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। সেদিন জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা হবে। এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের করণীয় ঠিক করা হবে।’