গাজীপুরের টঙ্গীতে এক মাদ্রাসা ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় ধর্ষক আনোয়ার হোসেনকে (৩৪) গ্রেফতার করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় শ্রেণি পড়ুয়া ঐ মাদ্রাসা ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন স্থানীয় সবজি বিক্রেতা আনোয়ার। ঘটনার দিন বিকালে মাদ্রাসা ছুটির পর বাসায় ফেরার পথে কাঁচা সবজি দেবার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে নিয়ে যায় আনোয়ার। পরে দোকানের পাশেই একটি কক্ষে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা আহত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সামাজিক মর্যাদার কথা চিন্তা করে ঐ শিশুটির পরিবার প্রথমে বিষয়টি গোপন রাখে। পরে জানাজানি হলে শনিবার বিকালে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত আনোয়ার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার শ্যামনগর গ্রামের মো.শহিদ হোসেনের ছেলে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ধর্ষণ মামলা দায়ের করে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।