উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

মঙ্গলবার রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বাশাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস পালনের প্রস্তুতি সভায় তিনি এ আহ্বান জানান।

আবুল হাসানাত আবদুল্লাহ বলেন, এটাই আমার শেষ নির্বাচন! বেঁচে থাকলেও বয়সের কারণে আর আমার নির্বাচন করা হবে না। আমার মরহুম পিতা আপনাদের এই বিলাঞ্চলের মানুষকে ভালোবাসতেন। আমিও আপনাদের সেই রকমই ভালোবাসি। আপনাদের ভোটেই আমি এমপি, মন্ত্রী, চিফ হুইপ হয়েছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি চেষ্টা করেছি আপনাদের সার্বিক উন্নয়ন ও মঙ্গল করার। কতটুকু উন্নয়ন করতে পেরেছি তার সাক্ষী আপনারাই। আমি ও আমার সরকার আপনাদের যদি কোনো উন্নয়ন করে থাকি তার অব্যাহত ধারাবাহিকতা বজায় রেখে জঙ্গিবাদ, সন্ত্রাস আর পেট্রোল বোমা নিক্ষেপকারীদের ঐক্যবদ্ধভাবে প্রত্যাখ্যান করে আসন্ন নির্বাচনে নৌকা মার্কায় আপনাদের ভোট দেয়ার দাবি জানাচ্ছি।