ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ও ভূমিদস্যুদের দৌরাত্ম্য কোনোভাবেই সহ্য করা হবে না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের শুদ্ধি অভিযান শুরু করেছেন। এতদিন যারা ডুবিয়ে ডুবিয়ে পানি খেয়ে অন্য দল থেকে এসে নিজের স্বার্থ আদায় করেছেন, আওয়ামী লীগের নাম ব্যবহার করেছেন তারা সাবধান হয়ে যান।’
গতকাল সোমবার সকালে উপজেলা হলরুমে মাসিক আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এছাড়াও বর্তমান সরকার দলীয় আওয়ামী লীগের নাম ব্যবহার করে যারা অবৈধ পথে ভূমি দখল করে জনগণকে ঠকিয়েছেন, সেই সঙ্গে এখনো দৌরাত্ম দেখাচ্ছেন তাদের দৌরাত্ম্য আর সহ্য করা হবে না। প্রশাসনকে বলব যারা আওয়ামী লীগের গঠনতন্ত্র না মেনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নিজেদের সরকার দলীয় নেতা দাবি করেন তাদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে।’
এমপি নিক্সন চৌধুরী এসময় আরো বলেন, ‘যারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কারণে অকারণে মারধরসহ হুমকি ধমকি দিয়ে থাকেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে। সকলকে মনে রাখতে হবে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা দেশকে উন্নয়ন দিয়ে স্বাবলম্বীর দিকে নিয়েছেন। একই সাথে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। সেই যুদ্ধে আমরা সকলেই তার সহযোদ্ধা। প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করে দেশকে আগামী প্রজন্মের জন্য সুন্দর করে তৈরি করতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান বলেন, সরকারের শুদ্ধি অভিযানকে জনগণসহ সবাই গ্রহণ করে নিয়েছেন। প্রশাসনে কোনো ধরনের দুর্নীতির অভিযোগ এলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাঈদুর রহমান, ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার খালেদুর রহমান মিয়া, উপজেলা আবাসিক প্রকৌশলী ফরিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজফ্ফার রহমান, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।