ফরিদপুরে ছয় বছর বয়সি এক শিশুকে ধর্ষণের দায়ে ওহিদ বিশ্বাস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আলমগীর কবির এ আদেশ দেন। ওহিদ বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামারগ্রাম গ্রামের লিয়াকত বিশ্বাসের ছেলে।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৬ নভেম্বর বেলা ১১টার দিক প্রতিবেশী বিপ্লব মালীর ঘরে গিয়ে ছয় বছর বয়সি শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। শিশুটির মা এ সময় ওহিদকে পালিয়ে যেতে দেখে। আহত অবস্থায় শিশুকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে মেডিক্যাল পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঐদিন শিশুর মা বাদী হয়ে নারী শিশু নির্যাতন আইনে মামলা করেন। সেই রাতেই আসামিকে আটক করা হয়।