সংবাদ সংক্ষেপ

বাগেরহাটে বিশ্ব শিশু দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। জেলা শিশু একাডেমির আয়োজনে সোমবার দিবসটি উপলক্ষ্যে শহরের সাংস্কৃতিক ফাউন্ডেশনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।  র্যালি শেষে স্বাধীনতা উদ্যানে শিশুদের উদ্দেশে বক্তব্য রাখেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আসাদুর রহমান প্রমুখ।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে শোভাযাত্রা

লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটে সোমবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে লালমনিরহাট শিশু পরিবার থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসন ও লালমনিরহাট শিশু একাডেমির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর।

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে সহায়তা

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা চৌহালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে সোমবার দুপুরে সাড়ে ৪ হাজার করে টাকা ও সবজি বীজ বিতরণ করা হয়েছে। উপজেলার বেতিল উচ্চ বিদ্যালয় ও কলেজের উমর ফারুক মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ ও রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। এ সময় সোসাইটির সেক্রেটারি জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সহপরিচালক রবিউল আলম, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।

পিরোজপুরে বিশ্ব বসতি দিবস পালিত

পিরোজপুর অফিস ‘বর্জ্যকে সম্পদে পরিণত করতে, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার পিরোজপুরে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ পিরোজপুরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সালেহ মুস্তানজিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্ব নাথ বণিক, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী প্রমুখ।

বিশ্ব শিশু দিবসে চিত্রাঙ্কন ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে সোমবার র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও শিশু একাডেমির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের করা হয়। পরে স্থানীয় সার্কিট হাউজে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস মেহেদি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন প্রমুখ।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা কোম্পানীগঞ্জে সোমবার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলা শাখার জীবন আলোর উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ মুছাপুর বাগদারা বাজার ইদ্রিছিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন বিশ্বরোডের দুই পাশে ঝাউগাছ, বেলজিয়াম, আকাশি, পেয়ারা ও সুপারিগাছসহ মোট ৫০০ বৃক্ষ রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবন আলো কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈকত আজিম জাবেদ, জীবন আলো কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশ্রাফুল ইসলাম রাফী প্রমুখ।

বিশ্ব বসতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন কার্যালয় থেকে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে জনসচেতনামূলক র্যালি বের করা হয়। রংপুর জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে আরবান ডেভেলপমেন্ট  প্রোগ্রাম ও ব্র্যাকের সহযোগিতায় র্যালিতে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবীর, গণপূর্ত বিভাগের প্রকৌশলী শাফিউল আলম প্রমুখ। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়ায় সোমবার দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পৌর শহরের দমদমা দত্তপাড়া দুর্গা মন্দির কমিটির আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি ও পৌর বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক শাহরিয়ার পায়েলের সার্বিক সহযোগিতায় ক্যাম্পে রোগী দেখেন ডা. শান্তনু কুমার সাহা, ডা. বর্ণালী তালুকদার প্রমুখ।

ভেদরগঞ্জে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা উপজেলার হাওলাদারকান্দি গ্রামে সোমবার সকালে ডোবার পানিতে পড়ে প্রতিবেশি দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো—নাবিলা (২) ও সম্রাট (২)। কৃষক সাদ্দাম হাওলাদারের ছেলে সম্রাট ও নাবিলা ইসমাইল সরদারের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন। স্থানীয়রা জানান, দুই শিশু তাদের বাড়ির ডোবার পাশে খেলছিল। স্বজনরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পড়ে ডোবার পানিতে তাদের দুই জনের লাশ ভাসতে দেখা যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে স্থানীয় ঘড়িসার হাসপাতালে নিলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। সখিপুর থানার ওসি এনাম হোসেন জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দুইটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আক্কেলপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা  আক্কেলপুরে পুকুরে ডুবে রিয়াজ আকন্দ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে হরিপুর গ্রামে ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায়, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে হরিপুর গ্রামের দুলাল আকন্দের পাঁচ বছর বয়সি ছেলে মো. রিয়াজ আকন্দ পুকুরে গোসল করতে নামে। ফিরতে দেরি হলে তার মা গিয়ে সন্তানের ভাসমান লাশ দেখতে পায়। আক্কেলপুর থানার কর্মকর্তা (ওসি) তদন্ত আবু রায়হান পুকুরে ডুবে শিশুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

গঙ্গাচড়ায় অবহিতকরণ সেমিনার

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা গঙ্গাচড়ায় সোমবার সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত সেবাবিষয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অফিসার্স কল্যাণ ক্লাবের আয়োজন করা হয়।  সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোশাররফ হোসেন, সহকারী পরিচালক হুমায়ুন কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম প্রমুখ।

পাইকগাছায় বস্ত্র বিতরণ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী মন্দির পাইকগাছার সিংহবাড়িতে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। রবি ও সোমবার সিংহবাড়ী মন্দিরের প্রতিষ্ঠাতা মানিক লাল সিংহের মা উল্লাসিনী সিংহ নিজ হাতে শতাধিক দুস্থর মধ্যে বস্ত্র বিতরণ করেন।

জন্ম নিবন্ধন দিবস পালিত

চৌগাছা (যশোর) সংবাদদাতা চৌগাছায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। সোমবার দিনটি উপলক্ষ্যে উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।  সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, কৃষি কর্মকতা রইচ উদ্দীন প্রমুখ।

বিশ্ব বসতি দিবসে সমাবেশ

কক্সবাজার প্রতিনিধি বর্ণাঢ্য আয়োজনে সোমবার কক্সবাজার শহরে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। এ উপলক্ষ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) উদ্যোগে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনসহ নানা শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। পরে কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর, কক্সবাজার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমদ, কক্সবাজার নগর উন্নয়ন অধিদপ্তরের জ্যেষ্ঠ পরিকল্পনাবিদ মো. নাজিম উদ্দিন ও জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল।

পূজামণ্ডপে ধর্মীয় আলোচনা সভা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীতে রাবাইটারী মানব প্রাঙ্গণ সংগঠনের আয়োজনে দুর্গোত্সব উপলক্ষ্যে সোমবার ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাবাইটারী সার্বজনীন দুর্গা মণ্ডপে মানব প্রাঙ্গণ সংগঠনের সভাপতি মনোরঞ্জন চন্দ্র সেনের সভাপতিত্বে ও সংগঠনটির নারী সদস্য তাপসী রানী সেনের সঞ্চালনায় ধর্মীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও নজরুল সংগীত গবেষক সংস্কৃতি কর্মী সুব্রত ভট্টাচার্য, দৈনিক নতুন কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক অনিল চন্দ্র সেন প্রমুখ।

আখাউড়ায় ইলিশ মাছ বিতরণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা আখাউড়ায় ভারতে পাচারের সময় জব্দ ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা চত্বরের সামনে একটি বুদ্ধিপ্রতিবন্ধী স্কুল ও চারটি মাদ্রাসা এবং এতিমখানায় এ মাছ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মত্স্য কর্মকর্তা আবদুল ছালাম।

দুর্নীতি প্রতিরোধে মতবিনিময়

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা ভালুকায় সোমবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুদক কমিশনার ড. মোজাম্মেল হক খান।