আশুগঞ্জ ও সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মহাজোট প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে লাঙ্গল অথবা নৌকা প্রতীক বরাদ্দের দাবিতে মঙ্গলবার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়েছে। সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় জাতীয় পার্টির কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল শেষে এ অবরোধ করে।
অবরোধ শেষে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলার জাপা নেতা সিরাজুল ইসলাম, শাহবাজপুর জাপা’র সভাপতি মারাজ মিয়া প্রমুখ।
দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে এবার তাদের শরিকদল জাতীয় পার্টিকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন ছেড়ে দেওয়া হয়। জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে মনোনয়ন না দিয়ে মনোনয়ন দেওয়া হয় তার মেয়ের জামাই জাপা চেয়ারম্যানের যুব বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়াকে। এতে বর্তমান এমপি অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ক্ষুব্ধ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। প্রতীক বরাদ্দের আগে দলের কেন্দ্রীয় পর্যায়ে দেন-দরবার করে তিনি মহাজোটের মনোনয়নের চিঠি নিয়ে আসলেও স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তাকে সিংহ মার্কা প্রতীক দেয় আর মেয়ের জামাই রেজাউলকে জাপা প্রার্থী হিসেবে দেওয়া হয় লাঙ্গল। পরে অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা লাঙ্গল অথবা নৌকা প্রতীক দাবি করে উচ্চ আদালতে রিট করেন।