বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য এ কে এম মাহবুব হাসানের ট্রেজারার পদের মেয়াদ শেষ হয়েছে গতকাল সোমবার। তবে বিশ্ববিদ্যালয়ের দুর্গাপূজর ছুটি উপলক্ষ্যে গত ৩ অক্টোবর ছিল তার শেষ কার্যদিবস। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার পদ শূন্য থাকায় আগামী ১৮ ও ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে সংশয় দেখা দিয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানিয়েছেন, এ সমস্যা থেকে উত্তরণে অতিসত্বর উপাচার্য নিয়োগ অথবা ভারপ্রাপ্ত উপাচার্য পদে কাউকে দায়িত্ব দেয়া না হলে ভর্তি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়বে।
বিগত পাঁচ মাস আগে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে তত্কালীন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক ছুটিতে যেতে বাধ্য হলে রাষ্ট্রপতির আদেশক্রমে ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান দায়িত্বপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পান। বিগত পাঁচ মাসে তিনি বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা নিরসন করেন। বিশেষ করে আগের উপাচার্যের বিরুদ্ধে যেসব সমালোচনা ছিল তা নিরসন করে বিভিন্ন পর্যায়ের নেতারাসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সৌহাদ্যপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনেন। এতে করে অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানকেই উপাচার্য হিসেবে যোগ্য মনে করছেন অনেকেই।