মেসির ‘ফেরা’ ছাপিয়ে আলোচনায় রেফারিং

শিরোপাধারী বার্সেলোনা লা লিগায় সেভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয়ার দিনে গোলে ফিরেছেন লিওনেল মেসি। তবে কাতালানদের বড় জয়টি ছাপিয়ে রোববার রাতে আলোচনার বিষয়ে পরিণত হয়েছিল রেফারি মাতেও লাহোজের ম্যাচ পরিচালনা।

বার্সা অধিনায়ক দলটির জার্সি গায়ে শেষ গোলটি পেয়েছিলেন গেল মৌসুমের শেষ ম্যাচে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রের ফাইনালের পর কেটে গেছে চারটি মাস। এ সময়ে মোট নয়টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে বার্সা।

দুই মৌসুমের মধ্যে বিরতি শেষে ক্লাবে ফিরেই চোটের কবলে পড়লে এ সময় সিংহভাগ ম্যাচেই খেলতে পারেননি মেসি। সে চোট কাটিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পুরোটা সময় ধরে খেললেন তিনি। প্রিয় প্রতিপক্ষ সেভিয়ার বিপক্ষে পেলেন মৌসুমের প্রথম গোলের দেখাও। দুর্দান্ত এক ফ্রি কিক থেকে বার্সেলোনার জয়ের পথে শেষ গোলটি করেন ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়। লা লিগায় সেভিয়ার বিপক্ষে এটি আর্জেন্টাইন তারকার ৩৭তম গোল। এই নিয়ে জাতীয় দল ও ক্লাব দল মিলিয়ে ৪৯তম বারের মতো ফ্রি-কিক থেকে গোল করলেন এই কিংবদন্তি। অথচ শুরুটায় সেভিয়ার চাপের কাছে বেশ হিমশিম খাচ্ছিল বার্সেলোনা। ২৭তম মিনিটে ধারার বিপরীতে লুই সুয়ারেজের দুর্দান্ত বাইসাইকেল গোল ম্যাচের দৃশ্যটাই পালটে দেয়। এরপর আর্তুরো ভিদাল ও উসমান দেম্বেলের কল্যাণে মাত্র আট মিনিটের ব্যবধানে আরো দুই গোল করে ম্যাচের লাগাম নেয় কাতালানরা।

তবে শেষ মুহূর্তে অভিষিক্ত বার্সা ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে লাল কার্ড দেখান রেফারি। সিদ্ধান্তটির সমালোচনা করায় লাল কার্ড দেখেন দেম্বেলেও। বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জানান কার্ড দুটো নিয়ে ধোঁয়াশায় আছেন তিনি! স্প্যানিশ এই কোচের ভাষ্য, ‘আমি জানি না উসমান কি বলেছে। তবে আমি মনে করি না এটা এত লম্বা কোনো বাক্য ছিল।’

উরুগুইয়ান ডিফেন্ডার আরাউহো কার্ডটি দেখেন প্রতি আক্রমণে আগুয়ান হ্যাভিয়ের হার্নান্দেজকে কাঁধ দিয়ে আটকে। ভালভার্দের মতে, ফাউলেরই যোগ্য নয় এটি। বার্সা কোচ বলেন, ‘অভিষেকেই লাল কার্ড দেখল ছেলেটা। একে ফাউল বলেই মনে হয়নি আমার। এরপর দেম্বেলেরটা তো একটা রহস্যই!’