জাতীয় দলে ইনজুরির ছোবল

বিশ্বকাপ ফুটবল আয়োজক দেশ কাতার আজ গভীর রাতে ঢাকায় পা রাখবে। ঢাকায় যখন নামবে তখন শহরের মানুষ গভীর ঘুমে থাকবে। রাস্তা থাকবে ফাঁকা। হোটেলে গিয়ে বিশ্রামে থাকবে। দুই দিনের সফরে ঢাকায় আসবে কাতার ফুটবল দল। বৃহস্পতিবার বাংলাদেশ ও কাতার ফুটবল ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ফিফার র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে কাতার। এই দলটির বিপক্ষে যদি বাংলাদেশের মতো অনুন্নত ফুটবল দেশের সব শক্তিও নিয়োগ করা হয় তবুও পেরে ওঠা কঠিন। বাংলাদেশ ফুটবল দল দুর্বল। তার ওপর নতুন করে বিপদ এসে ঘাড়ে বসেছে। ইনজুরি নামের এই বিপদের কারণ বাংলাদেশের জন্য বড়ো দুঃসংবাদ। একাধিক ফুটবলার ইনজুরি পড়ে জাতীয় দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তপু বর্মন, আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি, টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা রয়েছে ইনজুরির তালিকায়।

আবাহনীর তপু বর্মন অনেক দিন ধরেই আহত। একদিকে সে যেমন আবাহনীর জন্য পুরোটা সিজন সার্ভিস দিতে পারেনি। অন্য দিকে জাতীয় দলের জন্য সার্ভিস দিতে পারেননি। দুই দিকেই ক্ষতি হয়েছে। ইনজুরি কাটিয়ে যখন তপু মাঠে ফেরার পথে তখনই বসুন্ধরা কিংস তাকে আগামী মৌসুমের জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক দিয়ে ঘরে তুলে নিয়েছে। তপু এখন মাঠে নামার জন্য প্রস্তুত না। আবাহনীর অনুশীলনের দিন তকে দেখা গিয়েছিল মাঠের এক পাশে হালকা দৌড়াচ্ছেন। জানতে চাইলে তপু বলছিলেন আগামী মৌসুমে তিনি খেলতে পারবেন। তবে জাতীয় দল তাকে পাবে না। কাতারের ম্যাচে থাকছে না তপু একটা আগেই সবার জানা। তার আগে আহত হয়েছিলেন আবাহনীর টুটুল হোসেন বাদশা। তিনি জাতীয় দলের ছুটি কাটাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন এবং জাতীয় দল হতে বাদ পড়েন। আক্রমণভাগে মাসুক মিয়া জনিও ইনজুরিতে। ডান পায়ের চোট পাওয়া জনি এখন বিছানায়। তার খোঁজ নিয়েছিলেন কোচ জেমি ডে। আগামী কয়েক মাসের মধ্যে মাঠে নানা জনির জন্য কঠিন। জনির সঙ্গে যোগ হয়েছেন আবাহনীর আরেক ফুটবলার আতিকুর রহমান ফাহাদ। এই মুহূর্তে কাতারের বিপক্ষে খেলতে পারবেন না। কাতার ম্যাচের চারদিন পর কলকাতায় ভারতের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচেও ঠাঁই পাবেন না প্রায় নিশ্চিত। গত ৩ অক্টোবর ঢাকায় ভুটান ম্যাচে ব্যথা পেয়েছেন। মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই সুশান্ত ত্রিপুরা হাঁটুর ওপরে আঘাত পেয়ে মাঠ ছাড়েন।

এত সব আহত হওয়ার ঘটনায় আরো যোগ হয়েছে হলুদ কার্ডের শাস্তি। বিশ্বনাথ ঘোষ দুই হলুদ কার্ডের কারণে কাতারের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না। একদিকে ইনজুরি সমস্যা। অন্যদিকে হলুদ কার্ডের ঝামেলায় জাতীয় দল এখন মহাবিপদে রয়েছে। কোচ জেমি ডে এটা নিয়ে মহা দুশ্চিন্তায় রয়েছেন। কাতারের বিপক্ষে কীভাবে রক্ষণ সামাল দেবেন। তা নিয়ে ভাবতে হচ্ছে ৪০ বছর বয়সী এই ব্রিটিশ কোচকে।