‘নাচিয়ে’ ম্যারাডোনা

দিয়েগো ম্যারাডোনা খেলোয়াড়ি জীবনে দারুণ সব কীর্তি দিয়ে শিরোনাম হতেন। তবে অবসরের পরও নানা কারণে শিরোনামে আসা বন্ধ হয়নি তার। এবার যেমন এলেন ড্রেসিংরুমে নেচে-গেয়ে। অবনমনের শঙ্কায় থাকা আর্জেন্টাইন সুপার লিগের দল জিমন্যাসিয়া গেল মাসে আর্জেন্টাইন কিংবদন্তির শরণাপন্ন হয়েছিল। তবে তার আসার পরও ভাগ্যে তেমন বদল আসেনি এতদিন। তিন ম্যাচের তিনটিতেই হেরেছিল দলটি। সেই বৃত্ত ভেঙে রবিবার জয়ে ফেরে দলটি। অবনমন অঞ্চলের দ্বৈরথে গোদয় ক্রুজকে তাদেরই মাঠে ৪-২ গোলে হারায় ম্যারাডোনার শিষ্যরা। আর্জেন্টাইন ক্লাবটির দায়িত্বে প্রথম জয়টি পাওয়ার পর ম্যারাডোনার আমুদেসত্তা বেরিয়ে আসে।  ড্রেসিংরুমে নেচে-গেয়ে জয়টি উদযাপন করেন সাবেক আর্জেন্টাইন অধিনায়ক।