ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বিবর্ণ একটি দিন কাটালেন বাংলাদেশের সাকিব আল হাসান। ব্যাটিং ও বোলিং — দুই বিভাগেই ব্যর্থ ছিলেন তিনি। আর তার এই ব্যর্থতার দিনে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রবিবার রাতে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে হেরেছে বার্বাডোজ ট্রাইডেন্টস।
গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে ৩০ রানে হেরেছে বার্বাডোজ। বল হাতে চার ওভারে ৪৬ রান হজম করে উইকেটশূন্য ছিলেন সাকিব। ব্যাট হাতে করেন মাত্র ৫ রান। প্রথম কোয়ালিফাইয়ার হেরে যাওয়ায় এবার দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খেলতে হবে বার্বাডোজকে। সেখানে আগামী শুক্রবার তাদের প্রতিপক্ষ ত্রিনবাগো নাইট রাইডার্স। বার্বাডোজকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গায়ানা। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৩ অক্টোবর, রবিবার।
জিতলেই ফাইনাল এমন সমীকরণের ম্যাচে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গায়ানার অধিনায়ক শোয়েব মালিক। ক্যারিবিয়ান ওপেনার ব্রেন্ডন কিংয়ের দাপুটে সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৭২ বলে ১০ চার, ১১ ছয়ে ১৩২ রান করে অপরাজিত থাকেন ব্রেন্ডন কিং, গায়ানা থামে ৩ উইকেট হারিয়ে ২১৮ রান তুলে। অন্যদিকে শোয়েব মালিক তিনটি ছক্কায় ১৯ বলে অপরাজিত ৩২ রান করেন। জবাব দিতে নেমে ২০ ওভারে আট উইকেটে ১৮৮ রান পর্যন্ত যেতে পারে বার্বাডোজ। ছয় নম্বরে নেমে ২৬ বলে পাঁচটি চার ও দু’টি ছক্কায় সর্বোচ্চ ৪৯ রান করেন জোনাথন কার্টার। এছাড়া ইংল্যান্ডের অ্যালেক্স হেলস ১৯ বলে ৩৬ ও অধিনায়ক জেসন হোল্ডার ১৫ বলে ২৯ রান করেন। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ৯ বলে ৫ রান করেন সাকিব।