বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে বিনা উইকেটে ১২৬ রান দিয়ে তৃতীয় দিন শেষ করেছিল শ্রীলঙ্কা ‘এ’ দল। লিড ছিল ৬৪ রানের। সেখান থেকে শেষ দিনে ভালো একটা অবস্থানে গিয়ে ইনিংস ঘোষণা করে দেওয়াটাই সহজ হিসাব; কিন্তু শেষ অবধি আর ইনিংস ঘোষণা করেনি দলটি। ফলে হাম্বানটোটায় সফরাকারী বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামারই সুযোগ পায়নি। নিষ্প্রাণ ড্র মেনে নিয়েছে দুই দল। আগের চার দিনের ম্যাচটিও ড্র হয়েছিল। ফলে সিরিজ ড্রই হলো।
আগামী নয় অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। সিরিজ শেষ হবে ১২ অক্টোবর।দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সংগ্রহ দুই উইকেটে ৩৫৭ রান। পাথুন নিশাঙ্কা দলের হয়ে সর্বোচ্চ ১৯২ রান করেন। সঙ্গীত কোরে ৮৯ ও কামিন্দু মেন্ডিস ৬৭ রান করেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একটি উইকেট নেন লেগ স্পিনার রিশাদ হোসেন।