আজকের শিশুরাই আগামীতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বে বলে অভিমত ব্যক্ত করেছেন বক্তারা। তারা বলেছেন, আজকের শিশুরাই আগামীতে দেশের দায়িত্ব নেবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করবে। গতকাল সোমবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য শিশু শোভাযাত্রা ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই শোভাযাত্রা ও অনুষ্ঠানের আয়োজন করে। শিশু শোভাযাত্রাটি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর অতিক্রম করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি’র নেতৃত্বে শোভাযাত্রায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তারাসহ বিভিন্ন শিশু সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশসহ বিশ্বের সকল শিশুকে শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৭৪ সালে শিশু আইন প্রণয়ন করেছিলেন। জাতির পিতার পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে শিশুদের জন্য সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, গর্ভাবস্থা থেকে শিশুর প্রথম ১০০০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী মা ও শিশু কল্যাণে কর্মসূচি চালু করেছে। উল্লেখ্য, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৯ এর প্রতিপাদ্য বিষয়—‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’। এ উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং শিশু একাডেমি সাত দিনব্যাপী শিশু একাডেমিসহ সারাদেশে নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে।