নরসিংদীর সেই মাদ্রাসা ছাত্রের সন্ধান মেলেনি আট মাসেও

বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার পর প্রায় আট মাস পার হতে চলেছে কিন্তু এখন পর্যন্ত সন্ধান মেলেনি নরসিংদীর সেই মাদ্রাসাছাত্র শাহাদাতের (১৫)। অপহরণকারীরা ছেড়ে দেয়নি নরসিংদী সদর উপজেলার কুড়েরপাড় গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে, পৌলানপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার দাখিল শ্রেণির ছাত্র শাহাদাতকে। অজ্ঞাতনামা ৮/১০ ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে শাহাদাতকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার সময় বলেছিল তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরদিন সকালেই ফেরত পাঠিয়ে দেবে। কিন্তু শাহাদাত আর ফিরে আসেনি।

শাহাদাতের বাবা রফিকুল ইসলামসহ পরিবারের লোকজন জানান, গত ৭ মার্চ গভীর রাতে ৮/১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি শাহাদাতের বাড়ি গিয়ে দরজায় কড়ানেড়ে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। তারা শাহাদাত কোথায় আছে জানতে চায়। ঘুমন্ত শাহাদাতকে তার বাবা ডেকে এনে তাদের সামনে হাজির করেন। এ সময় তারা শাহাদাতকে নাম ঠিকানা জিজ্ঞেস করে। এক পর্যায়ে তারা আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য শাহাদাতকে তাদের সঙ্গে নিয়ে যেতে চায়। এতে তার বাবা রফিকুল ইসলাম ‘আমার ছেলেকে কোথায় নিয়ে যাবেন’ জিজ্ঞাসা করলে তারা বলে, ‘জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাকে বাসায় দিয়ে যাব।’ এই বলে কালো একটি গাড়িতে করে তাকে তুলে নিয়ে যায়।

এদিকে শাহাদাতের বাবা রফিকুল ইসলাম নরসিংদী পুলিশ সুপার, র্যাব-১১ নারায়ণগঞ্জ ও র্যাব-৩ ঢাকা, ডিবি নরসিংদী, নরসিংদী সদর মডেল থানা, মাধবদী থানাসহ বিভিন্ন থানায় যোগাযোগ করে তার ছেলেকে উদ্ধার করতে সকল প্রকার সহায়তা প্রদানের জন্য আকুল আবেদন জানিয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থাই শাহাদাতের সন্ধান দিতে না পারায় রফিকুল ইসলাম নরসিংদী জেলা প্রশাসকের নিকট একটি লিখিত আবেদন করেছেন। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বিষয়টি আমলে নিয়ে ছেলেটিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।