বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। গত রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা): চান্দিনায় পিকআপ চাপায় মাসুম (২১) নামে এক যুবকের বিকৃত মরদেহ দেখে চিত্কার করে অজ্ঞান হয়ে মরিয়ম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া-বাখরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাসুম কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাধানগর পশ্চিমপাড়া এলাকার মোসলেম মিয়ার ছেলে এবং মরিয়ম ঘটনাস্থল সংলগ্ন বাড়ির রমজান আলীর মেয়ে।
কালীগঞ্জ (ঝিনাইদহ): ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আমিনুল ইসলাম (২৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার কাতলামারী পুলিশ ফাড়িতে কর্মরত ছিলেন। গতকাল ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা-কয়ারগাছি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল (ময়মনসিংহ): বালিপাড়া সড়কের বীররামপুর বটতলা নামক স্থানে গতকাল রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় হাসিব (৭) নামক এক শিশু শিক্ষার্থী নিহত হয়। হাসিব বীররামপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং একই এলাকার ভ্যানচালক হাবিবুর রহমানের ছেলে।
ওসমানীনগর (সিলেট): ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জাহান মিয়া (২৮) নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার তাজপুর দুলিয়ারবন্দ এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার পুত্র। গতকাল এ ঘটনাটি হয়।
দেবীগঞ্জ (পঞ্চগড়): দেবীগঞ্জ উপজেলা সোনাহার এলাকায় একটি তেলবাহী ট্যাঙ্ক লরির ধাক্কায় শান্ত রায় (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত রবিবার সোনাহার বাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শান্ত রায়ের বাড়ি নীলফামারী জেলা সদরের বড়ই পাড়া এলাকার সুশীল রায়ের ছেলে।
ফুলবাড়ী (কুড়িগ্রাম): ফুলবাড়ীতে দুইটি ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে আপেল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। উপজেলার ব্র্যাক মোড় কাশিয়াবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। আপেল উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নন্দিরকুটি চন্দ্রখানা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
চট্টগ্রাম: বাঁশখালী ও রাউজান উপজেলায় গতকাল পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম-বাঁশখালী সড়কের কালীপুর ইউনিয়নের পালগ্রাম এলাকায় যাত্রীবাহী বাস ও একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, জিয়াউল হক (৪৫) ও টমাস মণ্ডল (৪২)। অপরদিকে, রাউজান পৌরসভার সুলতানপুর জানালীহাটে মোটরসাইকেল আরোহী জয়ব্রত ধর (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়। তিনি রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীব্রত ধরের পুত্র।
চাঁদপুর: শহরের মিশন রোড শাহী জামে মসজিদের সামনে গতকাল সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুর মা নাছিমা বেগম। নামজমুল বরিশাল জেলার বেতাগী বরগুনা থানার বেতাগী খান বাড়ির মো. আব্দুল কাদেরের ছেলে।