মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫০, সম্মেলন স্থগিত

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দিতে আওয়ামী লীগের সম্মেলন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার চরডুমুরিয়া বাজার ঈদগাহ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন চলাকালীন এ ঘটনা ঘটে। এরপর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া সম্মেলন স্থগিত ঘোষণা করেন।

আহতরা হলেন আলমগীর মোল্লা, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাকী আক্তার, মো. খোকন সরকার, শাহ আলম, মো. ইমন হোসেন, জয় হোসেন ও ছাত্রলীগের নেতা মাসুদ রানা। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খান এবং সভাপতি পদপ্রার্থী ইউসুফ হাসানের সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্মেলন চলাকালীন সভাপতি পদপ্রার্থী ইউসুফের সমর্থকেরা মিছিল নিয়ে সম্মেলনে যোগ দিতে গেলে সাবেক চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ খানের লোকজন অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) জানান, সম্মেলন চলাকালীন দুই সভাপতি পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়। হামলার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কেউ আটক এবং কোনো মামলা হয়নি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সম্মেলন স্থগিত করা হয়েছে।