বিএনপির গণজোয়ারে আওয়ামী লীগ হতাশ :মির্জা ফখরুল

নির্বাচন থেকে দূরে রাখতেই হামলা হয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি আমার লোকজনকে বলেছি কোন উসকানিতে পা দেবেন না। আমরা নির্বাচনে যাব এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেখব। সরকার ইতিমধ্যে বিএনপির গণজোয়ারে হতাশ হয়ে পড়েছে। তাই দলীয় ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন বানচাল করার পরিকল্পনা করছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান উচ্চ বিদ্যালয়ে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ আওয়ামী লীগের উপর আস্থা হারিয়ে ফেলেছে। সে কারণে তারা এখন সন্ত্রাসী কর্মকাণ্ড বেছে নিয়েছে। একদিকে প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করছে - অপরদিকে তারাই হামলা, ভাংচুর চালাচ্ছে। নির্বাচন কমিশনের যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা ছিল তা কোনভাবে সম্ভব হচ্ছে না। নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে চায় তাহলে এসব বন্ধ করতে হবে।

এর আগে দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট এলাকায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা হয়। হামলার ঘটনা নিয়ে মির্জা ফখরুল বলেন, এখানে আসা মাত্রই আমাদের গাড়িবহরে হামলা হয়েছে। আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। পুলিশ প্রশাসন ঘটনার অনেক পর ঘটনাস্থলে এসেছে। তাদের উচিত ছিল ঘটনার সঙ্গে সঙ্গে আসা। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে উসকানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান বিএনপি মহাসচিব।

পুলিশ বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মীরা সাদা পোশাকে পুলিশের সঙ্গে মিলে ঐক্যফ্রন্টের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কর্মীদের হুমকি-ধামকি ও ধড়পাকড় করা হচ্ছে। দলটির মহাসচিব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ এনে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর চিঠি দিয়েছেন। গতকাল মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে এই চিঠি নির্বাচন কমিশনে (ইসি) পৌঁছে দেয়া হয়।