বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির অবিস্মণীয় বিজয় হবে

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ডিসেম্বর বিজয়ের মাস। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের আরও একটি অবিস্মরণীয় বিজয় অর্জন হবে।’

গতকাল মঙ্গলবার বিকালে তাড়াশ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১৪ দলের এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেন্দ্রীয় ১৪ দল সারাদেশে ১৫টি নির্বাচনী সমাবেশ করবে। গতকাল তাড়াশের মধ্য দিয়ে ১৪ দলের নির্বাচনী সমাবেশ শুরু হলো। তাড়াশ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ সমাবেশে হাজার হাজার জনতার ঢল নামে। সমাবেশটি রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়। মোহাম্মদ নাসিম সম্পূর্ণ সরকারি সুযোগ-সুবিধা ছাড়াই নির্বাচনী প্রচারণায় নেমেছেন। গতকাল তিনি ব্যক্তিগত নিরাপত্তা ও পতাকাবিহীন গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।

মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিজয়ী করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলার ৬টি আসনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্যও তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনকে কেন্দ্র করে চক্রান্ত শুরু হয়েছে। দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। ড. কামাল হোসেনকে বেঈমান আখ্যা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের সঙ্গে ঐক্য না করে ড. কামাল হোসেন গংরা বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে ঐক্য করেছেন, চক্রান্ত করছেন। তবে এদেশের জনগণ তাদের চক্রান্ত ভোটের মাধ্যমে প্রতিহত করবে। বিএনপিকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনারা গত নির্বাচনে অংশগ্রহণ না করে ভুল করেছিলেন। এবার  দলের অস্তিত্ব রক্ষা করার জন্য নির্বাচনে অংশ নিয়েছেন। সুখের কথা, কিন্তু নির্বাচন নিয়ে কোনো ফাউল গেম খেলবেন না।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় ১৪ দলের নেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, গণআজাদী লীগের এসকে শিকদার, গাজী আমজাদ হোসেন মিলন এমপি, জেলা আওয়ামী লীগের সহ-ভাপতি আবু ইউসুফ সূর্য এবং সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন। জনসভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।

এর আগে দিনের শুরুতে নাসিম তার নির্বাচনী এলাকা বহুলীতে আয়শা  রশিদ বিদ্যানিকেতনে ছাত্র অভিভাবক সমাবেশে বক্তব্য দেন। পরে মোহাম্মদ নাসিম তাড়াশের নিমগাছি ও রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারসহ পৃথক আরো ৩টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। প্রতিটি জনসভায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে।