ভারতে লোকসভা নির্বাচনের আগে বিধানসভা নির্বাচনে ৫ রাজ্যে ফল বিপর্যয় হয়েছে বিজেপির। দীর্ঘদিন ধরে নিজেদের দখলে থাকা রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে কংগ্রেসের কাছে ধরাশায়ী বিজেপি। তেলেঙ্গানা রাজ্যটিতে আবারো জিতেছে আঞ্চলিক দল তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। মিজোরামে ক্ষমতায় এসেছে আঞ্চলিক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট।
মধ্যপ্রদেশে ২৩০ আসনের মধ্যে কংগ্রেস ১১২ আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিজেপি জিতেছে ১১০টি আসনে। বহুজন সমাজবাদি পার্টি (বিএসপি) দুটি আসন এবং অন্যান্য দল পেয়েছে ৬টি আসন।
রাজস্থানে ২০০ আসনের মধ্যে জাতীয় কংগ্রেস পেয়েছে ১০১ আসন, বিজেপির দখলে ৭৩ আসন। বিএসপি পেয়েছে ৬টি আসন এবং অন্যান্য দল পেয়েছে ১৯টি আসন।
ছত্তিশগড়ে ৯০টি আসনের মধ্যে বিজেপির ১৫টি আসনের বিপরীতে কংগ্রেস পেয়েছে ৬৭টি আসন। বিএসপি ৭টি আসন এবং অন্যান্য দল পেয়েছে ১টি আসন।
তেলেঙ্গানা রাজ্যে ১১৯টি আসনের মধ্যে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি পেয়েছে ৮৭ আসন। কংগ্রেস জোট পেয়েছে ২৩টি আসন। তেলেঙ্গানায়ও বিজেপির জুটেছে ১টি আসন।
মিজোরামে ৪০টি আসনের মধ্যে আঞ্চলিক দল মিজো ন্যাশনাল ফ্রন্ট পেয়েছে ২৬ আসন, কংগ্রেস পেয়েছে ৫টি। সেখানে বিজেপি মাত্র ১টি আসন পেয়েছে।
বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের আগে এই ভোট কার্যত সেমিফাইনাল হিসেবে চিহ্নিত হয়েছিল। সেই লড়াইয়ে বিজেপি নিঃসন্দেহে অনেকটাই পিছিয়ে পড়ল। সোমবারই দিল্লিতে কংগ্রেসের নেতৃত্বে ১৭ দলীয় বিজেপি বিরোধী জোট তৈরি হয়েছে। এই জয় সেই জোটের মনোবল অনেকটা বাড়ালো।
মঙ্গলবার সকালে থেকে গণনার ফল আসতে শুরু করার পর থেকে রাজ্যে রাজ্যে উল্লাস শুরু করে কংগ্রেসের সমর্থকরা। উত্সাহে ফেটে পড়ে পশ্চিমবঙ্গও। এখানেও সবুজ আবির মেখে, পটকা ফাটিয়ে জয়ের আনন্দ প্রকাশ করে মানুষ।
বিজেপির বিদায়ের ঘণ্টা বেজেছে : মমতা
এদিকে ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে বিজেপির বিপর্যয়ের পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বিজেপির বিদায়ের ঘণ্টা বেজে গেছে। সমাজের সব অংশের মানুষ বিজেপির বিরুদ্ধে। গত মঙ্গলবার দিল্লিতে তিনি একথা বলেন।
কংগ্রেসের সাফল্য প্রসঙ্গে মমতার মন্তব্য, আমাদের পূর্ণ সমর্থন ছিল। এটা বিজেপির শেষের শুরু। এটা মানুষের জয়, গণতন্ত্রের জয়।’ বিজেপি বিরোধী জোট গড়তে সোমবার থেকে দিল্লিতে অবস্থান করছেন মমতা ব্যানার্জি।