টি-টোয়েন্টি দলেও ফিরলেন ওয়ার্নার-স্মিথ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের দায়ে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়ানডে ও টেস্ট দলে ফিরেছিলেন আগেই। এবার টি-২০ দলেও হারানো জায়গা ফিরে পেলেন দুই অস্ট্রেলিয়ান—স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

আগামী টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেশের মাটিতে সংক্ষিপ্ত ভার্সনে আসন্ন শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সেই দলে ফিরলেন স্মিথ-ওয়ার্নার। এছাড়া দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান বেন ম্যাকডরমট ও ডানহাতি পেসার বিলি স্টানলেক। দল থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার মার্কাস স্টোয়িনিস।  ২০১৬ সালের মার্চে মোহালিতে ভারতের বিপক্ষে সর্বশেষ অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ খেলেছিলেন স্মিথ।

স্মিথ-ম্যাকডরমট-স্টানলেক সঙ্গে দলে সুযোগ হয়েছে অ্যাস্টন আগার ও অ্যাডাম জাম্পার। দেশের মাটিতে গত বছরের নভেম্বরের পর জাতীয় দলে ফেরেন ম্যাকডরমট-স্টানলেক। দেড় বছরেরও বেশি সময় পর দলে ফিরেছেন ডেভিড ওয়ার্নার। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ছোটো ফরম্যাটে খেলেছেন তিনি। পিঠে অস্ত্রোপচারের কারণে দলে সুযোগ হয়নি জেসন বেহরেনডর্ফের।

স্টোয়িনিসের সঙ্গে আরো বাদ পড়েছেন ক্রিস লিন, ডি আর্চি শর্ট, নাথান লিও, নাথাল কাল্টার নাইল ও পিটার হ্যান্ডসকম্বরা। গেল ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজের সাত জন এই দলে আছেন।

অ্যাডিলেডে ২৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ শুরু করবে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজে ৩০ অক্টোবর ব্রিসবেন ও ১ নভেম্বর মেলবোর্নে শেষ দুটি ম্যাচ খেলবে অসিরা।

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ শুরু হবে ৩ নভেম্বর। প্রথম ম্যাচ সিডনিতে। ৫ নভেম্বর ক্যানাবেরায় দ্বিতীয়টি ও ৮ নভেম্বর পার্থে তৃতীয় ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার টি-২০ দল

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন আগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ম্যাকডরমট, বিলি স্টানলেক, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিশেল স্টার্ক, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।